
ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার পর্যাপ্ত হাতিয়ার যুক্তরাষ্ট্রের হাতে থাকলেও, ওয়াশিংটনের চূড়ান্ত লক্ষ্য আসলে কী—তা নিয়ে এখনো অস্পষ্টতা রয়ে গেছে। আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী (নিকট প্রাচ্য বিষয়ক) জেনিফার গ্যাভিটো।
জেনিফার গ্যাভিটো স্বীকার করেন যে, ট্রাম্প প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞাগুলো ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে এবং এটি একটি অবিসংবাদিত সত্য। তিনি আরও বলেন, ওয়াশিংটন চাইলে তেহরানের ওপর এই অর্থনৈতিক চাপ আরও তীব্র করতে পারে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, "যুক্তরাষ্ট্রের কাছে এখনো হাতিয়ার রয়েছে। তবে মনে রাখতে হবে, এগুলো কেবলই কিছু হাতিয়ার, কোনো সুনির্দিষ্ট কৌশল নয়।"
এই বিশ্লেষক প্রশ্ন রাখেন, অর্থনৈতিক এই চাপের শেষ কোথায় বা এর মূল উদ্দেশ্য আসলে কী? তিনি উল্লেখ করেন যে, অর্থনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে ইরানের দিক থেকে আসা বিপদের অবসান বা তেহরানের আত্মসমর্পণের মতো কোনো লক্ষণ এখন পর্যন্ত দৃশ্যমান নয়।
আপনার মতামত লিখুন :