Facebook Twitter Instagram YouTube

বেসরকারি প্রাথমিকের সব পেন্ডিং আবেদন ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তির নির্দেশ


প্রকাশের সময় : আগস্ট ২০, ২০২৬, ৯:৪৬ অপরাহ্ণ /
বেসরকারি প্রাথমিকের সব পেন্ডিং আবেদন ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান অনুমতি, নিবন্ধন এবং নিবন্ধন নবায়ন সংক্রান্ত ঝুলে থাকা সব আবেদন আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। গত মঙ্গলবার ডিপিইর উপ-পরিচালক (উপবৃত্তি) নিখিল চন্দ্র হালদার স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনা অনুযায়ী, বিভাগীয় উপ-পরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের দ্রুত সময়ের মধ্যে পেন্ডিং আবেদনগুলো নিষ্পত্তি করতে বলা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান অনুমতি, নিবন্ধন ও নবায়ন কার্যক্রম আইপিইএমআইএস সফটওয়্যারের এনজিপিএসআর মডিউলের মাধ্যমে অনলাইনে করার নিয়ম থাকলেও, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে এখনো বিপুল সংখ্যক আবেদন ঝুলে আছে।

ডিপিই জানিয়েছে, এই আবেদনগুলো যথাসময়ে নিষ্পত্তি করা না হলে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হতে পারে। কারণ, ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালা ২০২৬’-এর ৫.৩ নম্বর শর্ত অনুযায়ী, বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট বিদ্যালয়ের পাঠদানের অনুমতি অথবা নিবন্ধন থাকা বাধ্যতামূলক।

এই পরিস্থিতি বিবেচনায়, আইপিইএমআইএস সফটওয়্যারের এনজিপিএসআর মডিউলের মাধ্যমে অনলাইনে করা আবেদনের পাশাপাশি অফলাইনে গৃহীত আবেদনসহ সব ধরনের পেন্ডিং আবেদন দ্রুত নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্মকর্তাদের বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh