Facebook Twitter Instagram YouTube

দেশের আট বিভাগে আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস


প্রকাশের সময় : আগস্ট ২০, ২০২৬, ৯:৩৯ অপরাহ্ণ /
দেশের আট বিভাগে আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২০ আগস্ট) সংস্থাটির ১২০ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এই সময়জুড়ে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে কয়েকটি অঞ্চলে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টিপাতেরও পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী এবং সিলেটের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পুরো পাঁচ দিন ধরেই বৃষ্টির এই প্রবণতা বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor