Facebook Twitter Instagram YouTube

মীরসরাইয়ে চুরির অভিযোগে যুবককে ১০০ রাকাত নফল নামাজে তওবা


প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ৮:০৬ পূর্বাহ্ণ /
মীরসরাইয়ে চুরির অভিযোগে যুবককে ১০০ রাকাত নফল নামাজে তওবা

চট্টগ্রামের মীরসরাইয়ে চুরির অভিযোগে রেজাউল করিম (৩৫) নামের এক যুবককে ১০০ রাকাত নফল নামাজ আদায় করিয়ে তওবা করানোর মাধ্যমে ছেড়ে দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের ফকির আস্তানা এলাকায় এই ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যম সোনাপাহাড় এলাকার বাসিন্দা রেজাউল করিমের বিরুদ্ধে মোবাইল ফোনসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরির অভিযোগ ওঠে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয়রা তাকে আটক করেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর উপস্থিতিতে তাকে নিজের ভুল স্বীকার করতে বলা হয় এবং তওবা করানো হয়।

শাস্তি হিসেবে তাকে ১০০ রাকাত নফল নামাজ আদায় করানো হয় এবং ভবিষ্যতে চুরি বা অন্য কোনো অপরাধে জড়াবেন না মর্মে অঙ্গীকার নেওয়া হয়। এই শর্ত পূরণ সাপেক্ষে স্থানীয়দের সিদ্ধান্তে তাকে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা ও জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজ আহাম্মদ খান জানান, এলাকায় দীর্ঘদিন ধরে চুরির ঘটনা ঘটলেও অভিযুক্তকে শনাক্ত করা যাচ্ছিল না। শুক্রবার মোবাইল ফোনসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরির সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন। ফিরোজ আহাম্মদ খান বলেন, শাস্তির উদ্দেশ্য ছিল তাকে সংশোধনের সুযোগ দেওয়া, তাই তার কাছ থেকে তওবা করিয়ে ১০০ রাকাত নফল নামাজ আদায় করানো হয়েছে।

ঘটনাটি সম্পর্কে জানতে চাইলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, বিষয়টি সম্পর্কে কেউ তাদের জানায়নি। তবে তিনি বিষয়টি খোঁজখবর নিচ্ছেন। ওসি আরও বলেন, চুরির অভিযোগে কাউকে আটক করা হলে আইন অনুযায়ী তাকে পুলিশের কাছে হস্তান্তর করতে হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin