Facebook Twitter Instagram YouTube

সিঙ্গাপুর সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, গুরুত্ব পাচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্ক


প্রকাশের সময় : আগস্ট ৯, ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ণ /
সিঙ্গাপুর সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, গুরুত্ব পাচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্ক

দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া এবং বহুমুখী সহযোগিতা জোরদারের লক্ষ্যে চার দিনের সরকারি সফরে সিঙ্গাপুর পৌঁছেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মন্ত্রিসভার কোনো সদস্যের এটিই প্রথম আনুষ্ঠানিক সিঙ্গাপুর সফর। রবিবার (৯ আগস্ট) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হন। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১২ আগস্ট পর্যন্ত তিনি এ সফরে থাকবেন।

সফরকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলকারনিয়ান বিন আবদুল রহিম এবং জনশক্তিবিষয়ক প্রতিমন্ত্রী দিনেশ ভাসু দাশের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। কূটনৈতিক পর্যালোচনার পাশাপাশি সিঙ্গাপুরের শীর্ষস্থানীয় বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘পিএসএ ইন্টারন্যাশনাল’ এবং আধুনিক বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ‘টুয়াসওয়ান’ পরিদর্শন করার কথা রয়েছে তার।

এছাড়া সিঙ্গাপুরে কর্মরত প্রায় দেড় লাখ প্রবাসী বাংলাদেশির অর্থনৈতিক অবদানকে সম্মান জানাতে দৈনিক বণিক বার্তা আয়োজিত ‘রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন শামা ওবায়েদ। এই উচ্চপর্যায়ের সফরের মাধ্যমে বাংলাদেশ ও সিঙ্গাপুরের বিদ্যমান সম্পর্ক আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, বন্দর ও লজিস্টিকস সহযোগিতা, প্রযুক্তি বিনিময়, শ্রমবাজার এবং টেকসই উন্নয়ন খাতে দুই দেশের অংশীদারিত্ব নতুন মাত্রা পাবে বলে ধারণা করা হচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh