
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচার টিমের পক্ষ থেকে সম্প্রতি একটি টিকটক ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটিতে ২০২০ সালে মুক্তি পাওয়া টেইলর সুইফটের জনপ্রিয় অ্যালবাম 'ফোকলোর'-এর 'আগস্ট' গানটি ব্যবহার করা হয়েছিল। ভিডিওটির ক্যাপশনে ট্রাম্পের টিমের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে, এই গান ব্যবহারে টেইলর সুইফট খুশিই হবেন।
তবে ভিডিওটি প্রকাশের অল্প কিছু সময়ের মধ্যেই গানটির অডিও সরিয়ে নেওয়া হয়। কেন এই অডিওটি সরিয়ে ফেলা হলো, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। ইন্টারনেটে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে যে, টেইলর সুইফটের পক্ষ থেকেই গানটির অডিও সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও এই দাবির সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে টেইলর সুইফট কিংবা তার প্রতিনিধিদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে অডিও সরিয়ে নেওয়ার পেছনে শিল্পীর নিজস্ব আপত্তি, কপিরাইট ইস্যু নাকি লাইসেন্সসংক্রান্ত কোনো জটিলতা কাজ করেছে, তা স্পষ্ট নয়।
এই ঘটনার পর টেইলর সুইফটের ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন। অনেকে বিষয়টি নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করছেন, আবার অনেকে এটিকে ট্রাম্প ও সুইফটের মধ্যকার দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক মতবিরোধের সঙ্গে তুলনা করছেন। প্রতিবছর আগস্ট মাস এলেই সুইফটের 'আগস্ট' গানটি নতুন করে আলোচনায় আসে। এবার রাজনৈতিক প্রেক্ষাপটে গানটির ব্যবহার এবং পরবর্তীতে অডিও মুছে ফেলার ঘটনাটি নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
আপনার মতামত লিখুন :