Facebook Twitter Instagram YouTube

দেশের ২৩তম প্রেসিডেন্ট কে হচ্ছেন, জানেন শুধু প্রধানমন্ত্রী


প্রকাশের সময় : আগস্ট ৯, ২০২৬, ৮:০১ পূর্বাহ্ণ /
দেশের ২৩তম প্রেসিডেন্ট কে হচ্ছেন, জানেন শুধু প্রধানমন্ত্রী

মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের ২৩তম প্রেসিডেন্ট কে হচ্ছেন, তা নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা ও নানা হিসাব-নিকাশ। ঘোষিত তফসিল অনুযায়ী, চলতি সপ্তাহের শেষ দিনেই মনোনীত প্রার্থী প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা দেবেন। ফলে খুব দ্রুতই পরবর্তী প্রেসিডেন্টের নাম জানা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতদিন বেশ কয়েকজনের নাম আলোচনায় থাকলেও বর্তমানে তা দুই-এর কোটায় এসে ঠেকেছে। বঙ্গভবনের চেয়ারে কে বসছেন, সেই রহস্যটি কেবল বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছেই সীমাবদ্ধ। ধারণা করা হচ্ছে, তিনি এই পদে কোনো বড় চমক দেখাতে পারেন।

বিএনপি’র নীতিনির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটির পক্ষ থেকে প্রেসিডেন্ট নির্বাচনের পুরো দায়িত্ব দলের চেয়ারম্যানের ওপর অর্পণ করা হয়েছে। দলের চেয়ারম্যানের প্রতি গভীর আস্থার কারণে কমিটির সভায় কেউ কোনো নাম প্রস্তাব করার সাহস করেননি। দলীয় নির্ভরযোগ্য সূত্রের দাবি, বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হাফিজ উদ্দিন আহমদ এবং দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরই প্রেসিডেন্ট পদে দলীয় ফোরামের আলোচনায় সবচেয়ে এগিয়ে আছেন।

দলের ভেতরে এমন একটি সিদ্ধান্ত রয়েছে যে, একজন জ্যেষ্ঠ নেতাকেই প্রেসিডেন্ট হিসেবে বেছে নেয়া হবে। দলের বাইরের কারো নাম আলোচনায় আসলেও দলীয় সূত্র তা নাকচ করে জানিয়েছে, একজন রাজনীতিবিদই হবেন দেশের পরবর্তী প্রেসিডেন্ট। দলের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান এবং ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হাফিজ উদ্দিন আহমদের নাম তালিকায় বেশ জোরালোভাবে আলোচিত হচ্ছে। এছাড়া আরেক জ্যেষ্ঠ নেতা নজরুল ইসলাম খানের নামও কারো কারো আলোচনায় উঠে আসছে।

এদিকে, সম্প্রতি প্রেসিডেন্ট পদে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নাম নতুন করে আলোচনায় এলেও দলের বিবেচনায় তার নাম নেই বলে জানা গেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin