Facebook Twitter Instagram YouTube

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে কঠোর শর্ত দিল ইরান


প্রকাশের সময় : আগস্ট ৯, ২০২৬, ১০:০১ পূর্বাহ্ণ /
হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে কঠোর শর্ত দিল ইরান

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রকে বেশ কিছু কঠোর শর্ত দিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাগের জোলঘাদর এ শর্তগুলোর কথা নিশ্চিত করেছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক তালিকা অনুযায়ী, প্রণালিটি খুলে দেওয়ার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই তাদের নৌ অবরোধ তুলে নিতে হবে, সামরিক বাহিনী প্রত্যাহার করতে হবে এবং যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে।

এসব দাবির পাশাপাশি তেহরান আরও জানিয়েছে যে, চলমান সংঘাতে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে এবং বিদেশে জব্দ থাকা দেশটির সম্পদ অবিলম্বে মুক্ত করতে হবে। জোলঘাদর বলেন, এগুলো ইরানের সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি, যা গত ১৬০ দিন ধরে জোরালোভাবে জানানো হচ্ছে। তিনি আরও সতর্ক করে বলেন, আমেরিকা তাদের আচরণ সংশোধন না করা পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শনিবার জানিয়েছেন, হরমুজ প্রণালি পরিচালনার বিষয়ে ওমানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর খুব কাছাকাছি রয়েছে ইরান। তবে তিনি স্পষ্ট করেছেন যে, প্রণালি খুলে দেওয়ার বিষয়টি আরও কিছু শর্ত পূরণের ওপর নির্ভরশীল। এর মধ্যে জুনে দুই দেশের মধ্যে হওয়া সমঝোতা স্মারক লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্রকে সংশোধনমূলক পদক্ষেপ নেওয়ার বিষয়টি অন্যতম।

শুক্রবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, দেশটির আইনপ্রণেতারা ওমানের সঙ্গে একটি সম্ভাব্য কাঠামোগত চুক্তির বিষয়ে মোটামুটি ঐকমত্যে পৌঁছেছেন এবং এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছেন। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে যে, এ বিষয়ে ইরান ও ওমানের মধ্যকার আলোচনা ইতিবাচক ও গঠনমূলক হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor