Facebook Twitter Instagram YouTube

বিএসএফের হাতে বাংলাদেশি বৃদ্ধ আটক, পাল্টা ভারতীয় নাগরিককে আটকে রাখল গ্রামবাসী


প্রকাশের সময় : আগস্ট ৯, ২০২৬, ৮:৩১ পূর্বাহ্ণ /
বিএসএফের হাতে বাংলাদেশি বৃদ্ধ আটক, পাল্টা ভারতীয় নাগরিককে আটকে রাখল গ্রামবাসী

পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্তে এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার ঘটনায় এক ভারতীয় নাগরিককে আটক করেছেন স্থানীয় গ্রামবাসী। শনিবার (৮ আগস্ট) সকালে কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশ অংশে প্রবেশের পর স্থানীয়রা দীপঙ্কর গোপ (৩৫) নামে ওই ভারতীয় নাগরিককে আটক করে বিরাজোত এলাকায় নিয়ে আসেন। আটক দীপঙ্কর ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার চাউলহাটি তশনপাড়া এলাকার মিশ্রিলাল গোপের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, সকালে কাঁটাতারের ওপাশে একটি চা-বাগানে কাজ করার সময় ভুলবশত দীপঙ্কর বাংলাদেশ অংশে প্রবেশ করেছিলেন। বর্তমানে তিনি বিজিবি, পুলিশ ও স্থানীয়দের হেফাজতে রয়েছেন।

এর আগে গত বুধবার সকালে সাতমেরা ইউনিয়নের বিরাজোত এলাকার বাসিন্দা মো. তমিজ উদ্দীন (৭৮) গরু খুঁজতে গিয়ে সীমান্তের কাঁটাতারের কাছে গেলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। তমিজ উদ্দীনের ছেলে আজাহার জানান, তার বাবা বয়স্ক এবং কানে কম শোনেন। এমনকি তিনি ঠিকমতো হাঁটতেও পারেন না। তিনি দাবি জানিয়েছেন, তার বাবাকে বিএসএফের পক্ষ থেকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আটক ভারতীয় নাগরিককে হস্তান্তর করা হবে না।

এই ঘটনায় এখন পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে জানা গেছে, তমিজ উদ্দীনকে ফেরত আনা এবং আটক ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপের বিষয়ে দ্রুত বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din