Facebook Twitter Instagram YouTube

ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, গৃহযুদ্ধের নতুন শঙ্কা


প্রকাশের সময় : আগস্ট ৯, ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ণ /
ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, গৃহযুদ্ধের নতুন শঙ্কা

ইয়েমেনের সশস্ত্র বাহিনী দীর্ঘ কয়েক মাসের বিরতির পর হুথিদের অবস্থান লক্ষ্য করে একাধিক ফ্রন্টে বড় ধরনের সামরিক অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে। দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গত কয়েক দিনে হুথিরা যে সামরিক উত্তেজনা তৈরি করেছে, তার জবাবেই এই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছে। হুথিরা প্রদেশজুড়ে ইয়েমেনের সশস্ত্র বাহিনী, সামরিক স্থাপনা এবং অস্ত্রের গুদাম লক্ষ্য করে হামলা জোরদার করেছে।

সেনাবাহিনীর মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হুথিরা যদি তাদের সামরিক স্থাপনা, অস্ত্রাগার এবং সশস্ত্র বাহিনীর ওপর হামলা অব্যাহত রাখে, তবে সেনাবাহিনী কোনো ছাড় দেবে না এবং পাল্টা আক্রমণ চালিয়ে যাবে।

এদিকে, হুথিরা নতুন করে প্রতিরোধমূলক সামরিক কৌশল অবলম্বন করেছে। ইয়েমেনি সেনাবাহিনী কোনো বড় অভিযান শুরু করার আগেই হুথিরা তাদের লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। হুথিদের দাবি, ইয়েমেনি সেনাবাহিনী সৌদি আরবের সঙ্গে সমন্বয় করে তাদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে চূড়ান্ত সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে—এমন আশঙ্কা থেকেই তারা আগেভাগে হামলা চালাচ্ছে।

জাতিসংঘ এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে। বিশেষ করে লোহিত সাগরে তেলবাহী ট্যাংকারে হামলা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহারের নিন্দা জানিয়েছে সংস্থাটি। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বর্তমান পরিস্থিতির দ্রুত অবনতি ঠেকানো না গেলে ইয়েমেনে চলমান সংঘাত নতুন করে গৃহযুদ্ধের দিকে মোড় নিতে পারে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor