
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস ও ব্রিটিশ হাইকমিশন। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পরপরই তারা পৃথক বার্তায় নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান।
নির্বাচনের ফল ঘোষণার প্রায় ১৫ মিনিট পর চীনা দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে অভিনন্দন বার্তা প্রকাশ করা হয়। এর ঠিক ১৫ মিনিট পর একইভাবে ব্রিটিশ হাইকমিশনও অভিনন্দন জানায়।
এর আগে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে বিকেল ৫টা ২০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এতে ২৫৫ ভোট পেয়ে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
অভিনন্দন বার্তায় চীনা দূতাবাস জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে তারা অত্যন্ত গুরুত্ব দেয়। নতুন যুগে যৌথ প্রচেষ্টার মাধ্যমে 'অভিন্ন ভবিষ্যতের জন্য চীন-বাংলাদেশ কমিউনিটি' গড়ে তুলতে তারা ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত। এর মাধ্যমে দুই দেশের জনগণ আরও বেশি উপকৃত হবে বলে আশা প্রকাশ করা হয়।
অন্যদিকে, ব্রিটিশ হাইকমিশন তাদের অভিনন্দন বার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে। হাইকমিশনের বার্তায় বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী অংশীদারত্ব আরও সুদৃঢ় করতে নতুন রাষ্ট্রপতি এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা করছে যুক্তরাজ্য।
আপনার মতামত লিখুন :