Facebook Twitter Instagram YouTube

নিয়োগ চূড়ান্ত করতে নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী, স্বস্তি মিশন আচার্যের


প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ / ০
নিয়োগ চূড়ান্ত করতে নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী, স্বস্তি মিশন আচার্যের

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্ত নিয়োগের অপেক্ষায় থাকা মিশন আচার্যের সমস্যার সমাধানে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রোববার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন মিশন আচার্যকে সঙ্গে নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে যান এবং এ বিষয়ে একটি আধা সরকারিপত্র (ডিও লেটার) জমা দেন। এসময় শিক্ষামন্ত্রী তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ফোন করে মিশন আচার্যের নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করার নির্দেশনা প্রদান করেন।

মিশন আচার্য ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দা। রাশেদ খাঁন তার ডিও লেটারে উল্লেখ করেন যে, মিশন আচার্য ঝিনাইদহ সদর উপজেলার কলাবাগান এলাকায় জন্মলগ্ন থেকে ভাড়া বাসায় বসবাস করছেন। পিতৃহীন মিশন আচার্য অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে বেড়ে উঠেছেন এবং তার মা গৃহপরিচারিকার কাজ করে তাকে পড়াশোনা করিয়েছেন। ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা মিশন আচার্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫-এ উত্তীর্ণ হওয়ার পর চাকরির জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন।

তবে স্থায়ী ভিটেবাড়ি না থাকায় তার নিয়োগপত্র আটকে যায়। একই পরীক্ষায় তার সঙ্গে সুপারিশপ্রাপ্ত ১৮২ জনের মধ্যে ১৮০ জন ইতিমধ্যে নিয়োগপত্র পেয়ে গত বৃহস্পতিবার চাকরিতে যোগদান করেছেন। স্থায়ী ঠিকানার অভাবে নিয়োগপত্র না পাওয়ায় মিশন আচার্য এতদিন যোগদান করতে পারেননি। সম্প্রতি এই বিষয়টি গণমাধ্যমে উঠে আসার পর রাশেদ খাঁন তাকে নিয়ে মন্ত্রণালয়ে যান। রাশেদ খাঁন তার চিঠিতে মিশন আচার্যের ভদ্র আচরণের বিষয়টি উল্লেখ করে মানবিক বিবেচনায় বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo