Facebook Twitter Instagram YouTube

ইউটিউবে ৩০ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক ছুঁলেন সংগীতশিল্পী মনির খান


প্রকাশের সময় : আগস্ট ১৩, ২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ /
ইউটিউবে ৩০ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক ছুঁলেন সংগীতশিল্পী মনির খান

জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান দেশীয় সংগীতশিল্পীদের মধ্যে প্রথম একক শিল্পী হিসেবে ইউটিউবে ৩০ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক স্পর্শ করার রেকর্ড গড়েছেন। চলতি বছরের জুন মাসে তাঁর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি এই অনন্য উচ্চতায় পৌঁছায়। চ্যানেলটির যাত্রা শুরু হয়েছিল ২০১৬ সালের ৮ জুন এবং ওই বছরের ১৪ জুন এতে প্রথম ভিডিও প্রকাশ করা হয়। গত এক দশকে চ্যানেলটিতে মোট ৯৪৮টি ভিডিও আপলোড করা হয়েছে এবং বর্তমানে এর মোট ভিউ ১০৪ কোটি ৭২ লাখ ৭৪ হাজার ৩৮৮।

এই সাফল্য উদযাপন করতে মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘মেধাস্বত্ব সুরক্ষায় কপিরাইটের ভূমিকা এবং মনির খান অফিশিয়াল ইউটিউব চ্যানেলের সফলতা’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে সিএলএপি মিউজিক পাবলিশিং ও পাথওয়ে অনলাইন ডেভেলপমেন্ট লিমিটেড।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। গীতিকার ও সুরকার মিল্টন খন্দকারের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে সংগীতশিল্পী মিলন মাহমুদ, খুরশিদ আলম, সংগীত পরিচালক ও সুরকার শেখ সাদী খান এবং গীতিকবি রফিকুজ্জামানসহ সংগীতাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে সংগীতশিল্পী, গীতিকার ও সুরকারদের মেধাস্বত্ব এবং কপিরাইট বিষয়ে বিশদ আলোচনা করা হয়, যার পরে একটি সাংস্কৃতিক পর্বে গান ও নৃত্য পরিবেশিত হয়।

নিজের ইউটিউব চ্যানেলের এই সাফল্যের জন্য শ্রোতা ও ভক্তদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মনির খান। তিনি বলেন, দীর্ঘ তিন দশকের সংগীতজীবনে তাঁর এই অর্জনের পেছনে ভক্তদের অবদানই সবচেয়ে বেশি। পাশাপাশি তিনি গীতিকার, সুরকার, সংগীত পরিচালক, বাদ্যযন্ত্রী এবং ভিডিও নির্মাণ ও কারিগরি সহায়তাকারীদের প্রতিও ধন্যবাদ জানান। মনির খান আরও জানান, তিনি সবসময়ই সুস্থ ধারার সুন্দর বাংলা গান উপহার দেওয়ার চেষ্টা করেছেন এবং চলচ্চিত্রের গান কিংবা একক সংগীত—সব ক্ষেত্রেই শ্রোতাদের চাহিদা পূরণের লক্ষ্য নিয়ে কাজ করেছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din