
তুরস্কের আঙ্কারায় আয়োজিত উত্তর আটলান্টিক সামরিক জোটের (ন্যাটো) দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলন শেষ হয়েছে। এই সম্মেলন শেষে ইউক্রেনের জন্য ৭০ বিলিয়ন ইউরোর এক বিশাল সামরিক সহায়তার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
সম্মেলন শেষে প্রকাশিত যৌথ ঘোষণাপত্রে ন্যাটো নেতৃবৃন্দ জানিয়েছেন, তাদের প্রতিরোধ ও প্রতিরক্ষা ব্যবস্থা প্রথাগত, নিউক্লিয়ার এবং মিসাইল ডিফেন্স সক্ষমতার একটি সমন্বয়ের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, যা সাইবার ও মহাকাশ সম্পদকেও অন্তর্ভুক্ত করে। জোটটি তাদের সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রাখতে বদ্ধপরিকর এবং আধুনিক প্রযুক্তির দ্রুত প্রয়োগ ও আধুনিকায়নে বিপুল বিনিয়োগের পরিকল্পনা করছে।
ঘোষণাপত্রে আরও বলা হয়েছে, সশস্ত্র বাহিনীর সক্রিয়তা বজায় রাখতে ডিপ প্রিসিশন স্ট্রাইক, সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, চালকবিহীন ব্যবস্থা এবং গোয়েন্দা সক্ষমতায় বিনিয়োগ করা হচ্ছে। এছাড়া জোটটি একটি ‘ট্রান্স-আটলান্টিক ওয়ারফাইটিং ক্লাউড’ তৈরি এবং শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল গ্রহণের দিকে এগিয়ে যাচ্ছে।
এদিকে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় কৌশলগত শহর কস্তিয়ানতিনিভকা দখলের দাবি করেছে রুশ সেনাবাহিনী। শুক্রবার (৩ জুলাই) রুশ বাহিনী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই অগ্রগতির কথা জানায়। দোনেৎস্ক অঞ্চলে দীর্ঘদিনের প্রচেষ্টার পর শহরটি দখল করাকে পুতিন একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সামরিক কমান্ড পোস্ট পরিদর্শনের সময় প্রেসিডেন্ট পুতিন শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত হচ্ছেন।
আপনার মতামত লিখুন :