Facebook Twitter Instagram YouTube

নেইমারের প্রত্যাবর্তনে ড্র সান্তোসের, নিষেধাজ্ঞার মুখে ব্রাজিলিয়ান তারকা


প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ২:১৮ অপরাহ্ণ /
নেইমারের প্রত্যাবর্তনে ড্র সান্তোসের, নিষেধাজ্ঞার মুখে ব্রাজিলিয়ান তারকা

ব্রাজিল জাতীয় দলের হয়ে বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা পেছনে ফেলে ক্লাব ফুটবলে ফিরেছেন নেইমার জুনিয়র। তবে তার প্রত্যাবর্তনের ম্যাচটিও নাটকীয়তায় ভরা ছিল। ব্রাজিলিয়ান সিরি ‘এ’-র পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দল শাপেকোয়েন্সের বিপক্ষে ঘরের মাঠ ভিলা বেলমিরোতে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সান্তোসকে।

প্রায় ২০ দিন পর মাঠে নামা নেইমার ম্যাচের শুরু থেকেই সক্রিয় ছিলেন। ম্যাচের ৩৬ মিনিটে সতীর্থের সঙ্গে বল দেওয়া-নেয়া করে দুর্দান্ত এক কোনাকুনি শটে গোল করে দলকে এগিয়ে নেন তিনি। তবে গোলটির চেয়ে তার উদযাপনের ভঙ্গিটি বেশি আলোচনায় আসে। এর আগে একটি প্রফেশনাল পোকার টুর্নামেন্টে অংশ নেওয়ায় দেশজুড়ে সমালোচনার মুখে পড়েছিলেন এই ফরোয়ার্ড, আর গোলের পর তাস বাঁটার ভঙ্গি করে সেই সমালোচকদেরই যেন কড়া জবাব দিলেন তিনি।

ম্যাচের প্রথমার্ধে এগিয়ে থাকলেও বিরতির পর ছন্দ হারিয়ে ফেলে সান্তোস। ৬২ মিনিটে একটি আত্মঘাতী গোলসহ দুই গোল খেয়ে পিছিয়ে পড়ে তারা, যা দর্শকদের স্তব্ধ করে দেয়। ম্যাচের উত্তাপ বাড়তে থাকলে এক পর্যায়ে মেজাজ হারিয়ে শাপেকোয়েন্সের এক খেলোয়াড়কে ধাক্কা দেন নেইমার। এরপর রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখেন তিনি। আগের একটি হলুদ কার্ডের কারণে এই নিষেধাজ্ঞায় পড়ায় অ্যাটলেটিকো পারানায়েন্সের বিপক্ষে পরবর্তী ম্যাচে খেলা হচ্ছে না তার।

তবে ম্যাচের শেষ মুহূর্তে নাটকীয়তা বাকি ছিল। ৯০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান নেইমার, যা ছিল বিশ্বকাপের শেষ ১৬-তে নরওয়ের বিপক্ষে তার পেনাল্টি থেকে করা গোলেরই পুনরাবৃত্তি। এই ড্রয়ের ফলে ২২ পয়েন্ট নিয়ে সান্তোস সিরি ‘এ’ টেবিলের ১৪তম অবস্থানে থাকলেও রেলিগেশন জোনের শঙ্কা কাটেনি। অন্যদিকে, ১০ পয়েন্ট নিয়ে তলানিতে থাকা শাপেকোয়েন্সের জন্য এই পয়েন্ট মূল্যবান হলেও, অবনমন এড়ানোর লড়াই তাদের জন্য আরও কঠিন হয়ে পড়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin