Facebook Twitter Instagram YouTube

নাইজারে বাস দুর্ঘটনায় ১৭ সেনাসহ অন্তত ২২ জনের মৃত্যু


প্রকাশের সময় : আগস্ট ৯, ২০২৬, ১:০১ অপরাহ্ণ /
নাইজারে বাস দুর্ঘটনায় ১৭ সেনাসহ অন্তত ২২ জনের মৃত্যু

নাইজারে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন সেনা সদস্যসহ অন্তত ২২ জন নিহত হয়েছেন। দেশটির পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই মর্মান্তিক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয় জানায়, এই দুর্ঘটনায় আরও ৩৭ জন যাত্রী আহত হয়েছেন। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

দুর্ঘটনাটি ঘটেছে দেশটির মাদাউয়া শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে। এ ঘটনার পর নাইজারের সরকারি বার্তা সংস্থা এএনপি জানিয়েছে, বাস দুটির একটিতে সেনা সদস্যরা ভ্রমণ করছিলেন। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি তদন্ত শুরু হয়েছে।

সাহেল অঞ্চলের এই দেশটিতে সড়ক দুর্ঘটনা একটি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। নাইজেরিয়ান এজেন্সি ফর রোড সেফটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে নাইজারে সাত হাজারের বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছিল। এসব দুর্ঘটনায় ১২শ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং ৪৪ শতাধিক মানুষ গুরুতর আহত হয়েছেন। সাধারণত অতিরিক্ত গতি, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং রাস্তাঘাট ও যানবাহনের বেহাল দশাকেই এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin