
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকলেও নতুন কিছু উদ্বেগের কারণে বিনিয়োগকারীদের মধ্যে সরবরাহ সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে অপরিশোধিত তেলের দাম আন্তর্জাতিক বাজারে বেড়ে গেছে।
আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বুধবার গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১২টা ২২ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৩ সেন্ট বা ০ দশমিক ৯২ শতাংশ বেড়ে ১০১ দশমিক ৫১ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৮২ সেন্ট বা ০ দশমিক ৯২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ২৫ ডলারে লেনদেন হচ্ছিল।
বাজার বিশ্লেষকদের মতে, তেলের দাম বাড়ার পেছনে প্রধানত দুটি কারণ কাজ করছে। প্রথমত, যুক্তরাষ্ট্রের তেল উৎপাদনকারী অঞ্চলগুলোর দিকে ধেয়ে আসা ঝড়ের কারণে সম্ভাব্য সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দ্বিতীয়ত, সৌদি আরবে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথিদের হামলার ঘটনা বাজারে নতুন করে অনিশ্চয়তা সৃষ্টি করেছে। এই দুটি কারণের প্রভাবে মধ্যপ্রাচ্য থেকে বাড়তি তেল সরবরাহের ইতিবাচক প্রভাব অনেকটাই ম্লান হয়ে গেছে।
আপনার মতামত লিখুন :