
পাবনার আটঘরিয়ায় মাদরাসা শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে আয়োজিত একটি মানববন্ধনে প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটেছে। এ সময় টিপু বিশ্বাস নামে এক ব্যক্তির গুলিতে ইকরাম মোল্লা (৫০) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শিবপুর ত্বহা ইসলামিয়া ফাযিল মাদরাসার প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ইকরামকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আটঘরিয়া উপজেলার কদিম বাগদিপাড়া গ্রামের জবির মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি শিবপুর ত্বহা ইসলামিয়া ফাযিল মাদরাসার সহকারী শিক্ষক শামসুল আলম মঞ্জু ও প্রভাষক আফরোজা খাতুনের বিরুদ্ধে অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। এই অভিযোগকে ষড়যন্ত্র ও অপপ্রচার দাবি করে রোববার সকালে স্থানীয় একটি পক্ষ মাদরাসার সামনে মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন চলাকালে বক্তারা অভিযোগ করেন, একটি পক্ষ ওই দুই শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কর্মসূচিতে বক্তব্য দেন হোসেন আলী, বকুল হোসেন, আব্দুস সামাদ ও মজনু প্রামাণিকসহ স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধন চলাকালে টিপু বিশ্বাস ও তার সহযোগীরা সেখানে হামলা চালায়। তারা আন্দোলনকারীদের কাছ থেকে ব্যানার ছিনিয়ে নিয়ে কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করে। এ সময় উপস্থিত লোকজন তাদের প্রতিহত করতে এগিয়ে গেলে টিপু বিশ্বাস তার কাছে থাকা পিস্তল বের করে গুলি চালান। এতে ইকরাম মোল্লা গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা ধাওয়া দিলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এই ঘটনার পর থেকে এলাকায় দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ১৯: ৫৭আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১৯: ৫৮
আপনার মতামত লিখুন :