Facebook Twitter Instagram YouTube

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৪৭


প্রকাশের সময় : আগস্ট ১০, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ /
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৪৭

কলম্বিয়ায় আঘাত হানা ৭ দশমিক ৪ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৪৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। সোমবার দেশটির চোকো অঞ্চলের সান হোসে দেল পালমার পৌরসভার কাছে এই ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) ও কলম্বিয়ার ভূতাত্ত্বিক পরিষেবার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০৭ কিলোমিটার গভীরে। এলাকাটি রাজধানী বোগোতা থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। প্রাথমিকভাবে কলম্বিয়া কর্তৃপক্ষ ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৬ বলে জানিয়েছিল।

ভূমিকম্পের ফলে চোকো প্রদেশের কুইবদোতে ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি হতাহতের খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে সেখানে ভবন ধসে পড়ার দৃশ্য দেখা গেছে। এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, রাজধানী বোগোতার বিভিন্ন ভবন থেকেও লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া পর্যটন অঞ্চল এহে কাফেতেরোর পেরেইরা ও মানিজালেস শহর থেকেও ভবন ধসের তথ্য এসেছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, পেরেইরার মেয়র জানিয়েছেন সেখানে অন্তত ১৮ জন মারা গেছেন। অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্যমতে, মানিজালেসে আরও দুজনের মৃত্যু হয়েছে।

চোকোর গভর্নর নুবিয়া কর্ডোবা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, পুরো প্রদেশজুড়ে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে এবং আফটারশক নিয়ে উদ্বেগ রয়েছে। বর্তমানে উদ্ধার ও জরুরি সেবার কর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করছেন এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। কলম্বিয়া ও ইকুয়েডরের কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত অঞ্চলের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থা নিশ্চিত করেছে যে, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

এর কয়েক সপ্তাহ আগে প্রতিবেশী ভেনিজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। জুনের শেষ দিকে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার ওই ভূমিকম্পে ৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল এবং শত শত ভবন ধ্বংস হয়ে গিয়েছিল। সাম্প্রতিক বছরগুলোতে ওই ঘটনাকে অঞ্চলটির অন্যতম প্রাণঘাতী ভূমিকম্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ২৩: ০১আপডেট : ১০ আগস্ট ২০২৬, ২৩: ১১

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh