
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে স্লো ওভার রেটের দায়ে অভিযুক্ত হয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। নির্ধারিত সময়ের মধ্যে বোলিং কোটা শেষ করতে না পারায় আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো উভয় দলের ওপর জরিমানা আরোপ করেছেন।
ম্যাচটিতে পাকিস্তান নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার পিছিয়ে ছিল, যার ফলে তাদের দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। অন্যদিকে, শ্রীলঙ্কা পিছিয়ে ছিল এক ওভার, যে কারণে তাদের খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে।
আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড়দের সহায়তাকারী কর্মকর্তাদের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী এই শাস্তি প্রদান করা হয়েছে। এই নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ন্যূনতম ওভার সম্পন্ন করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়।
মাঠের দুই আম্পায়ার আসিফ ইয়াকুব ও ওয়েইন নাইটস, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ এবং চতুর্থ আম্পায়ার ফয়সাল আফ্রিদি এই অভিযোগটি আনেন। তবে পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ও শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস অভিযোগটি স্বীকার করে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
আপনার মতামত লিখুন :