
পিরোজপুরের হুলারহাট এলাকা থেকে ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ শাড়িসহ একটি মাছ ধরার ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড বরগুনার পাথরঘাটা বিসিজি টহল টিম বলেশ্বর নদীতে দক্ষিণ চরদোয়ানী এলাকায় ট্রলারটিকে থামার সংকেত দেয়। তবে সংকেত অমান্য করে ট্রলারটি পিরোজপুরের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্টগার্ড সদস্যরা সেটিকে ধাওয়া করে। শেষ পর্যন্ত ট্রলারটি হুলারহাট খালে রেখে এর ভেতরে থাকা লোকজন পালিয়ে যায়।
কোস্টগার্ড সদস্যরা ট্রলারটি আটক করে পিরোজপুর সদর উপজেলার বেকুটিয়া ফেরিঘাট পয়েন্টে নিয়ে আসে। সেখানে ট্রলারের ভেতর থেকে বিপুল পরিমাণ বস্তাভরা শাড়ি উদ্ধার করা হয়। তবে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কী পরিমাণ শাড়ি উদ্ধার করা হয়েছে সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি।
স্থানীয় বাসিন্দা সালমান হাওলাদার জানান, ফজরের নামাজের পর তিনি ঘাটে মাছ ধরার ট্রলারটি বাঁধা অবস্থায় দেখতে পান এবং পরে জানতে পারেন ভেতরে অবৈধ শাড়ি রয়েছে। আরেক বাসিন্দা চয়ন ফকির জানান, বিকেলে পুলিশ ও কোস্টগার্ডের সহায়তায় ট্রলার থেকে বস্তাভরা মালামাল নামাতে দেখা গেছে, যা রাস্তার পাশে রাখা হয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম নিশ্চিত করেছেন যে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে ট্রলারটি আটক করা হয়েছে। বর্তমানে ট্রলার থেকে মালামাল আনলোড ও গণনার কাজ চলছে। গণনা শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :