
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে। বুধবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য প্রতিটি অপরাধের বিচার হওয়া বর্তমান সরকারের কাছে অত্যন্ত জরুরি। তিনি আরও জানান, বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন ও গুম-খুনের শিকার হয়েছেন, তাদের স্মরণে নিজ নিজ এলাকায় একটি করে প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রকামী জনগণ আশা করে এই জাদুঘর কোনো নির্দিষ্ট দল, গোষ্ঠী বা ব্যক্তির রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের এই গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তির নয়, বরং এর মহানায়ক হলো বাংলাদেশের গণতন্ত্রকামী সাধারণ মানুষ।
একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করে তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের সংগ্রাম, আর ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার লড়াই। একাত্তরের মুক্তিযোদ্ধাদের যেমন জাতি ভুলে যায়নি, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদদেরকেও জনগণ কখনোই ভুলবে না।
আপনার মতামত লিখুন :