
কিশোরগঞ্জ শহরের জনতা স্কুল রোড এলাকায় আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ তুহিন (১০) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত তুহিন গাইটাল জনতা স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। সে কিশোরগঞ্জ সদর মডেল থানার পুলিশ সদস্য শামসুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে গাইটাল এলাকার বাসা থেকে সাইকেল নিয়ে জনতা স্কুল রোড এলাকায় বের হয়েছিল তুহিন। এ সময় সিমেন্টবোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। কাকতালীয়ভাবে সেই টহল দলের গাড়িচালক হিসেবে দায়িত্বে ছিলেন নিহত শিশুটির বাবা শামসুল হক। ঘটনাস্থলে পৌঁছে টহল দলের সদস্যরা দেখতে পান, নিহত শিশুটি শামসুল হকের ছেলে তুহিন। এ দৃশ্য দেখে উপস্থিত পুলিশ সদস্যরাও শোকাহত হয়ে পড়েন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ সদর মডেল থানার দায়িত্বরত কর্মকর্তা তানিয়া নাজনীন জানান, সকালে জনতা স্কুল রোড এলাকায় ট্রাকচাপায় এক স্কুলছাত্রের মৃত্যুর খবর পাওয়া যায়। কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম ভূঞা জানিয়েছেন, নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশ জব্দ করেছে, তবে চালক পালিয়ে গেছেন। বর্তমানে চালককে আটক এবং দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :