Facebook Twitter Instagram YouTube

বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসায় উঠতে পারেন মো. সাহাবুদ্দিন


প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৬, ৬:১২ অপরাহ্ণ /
বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসায় উঠতে পারেন মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের গুলশানের বাসায় নতুন টেলিফোন লাইন সংযোগ দেওয়ার কাজ চলছে। শুক্রবার (২৪ জুলাই) বিকালে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্সের কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) দুইজন কর্মচারী সেখানে সংযোগ স্থাপনের কাজ করতে আসেন। ধারণা করা হচ্ছে, বঙ্গভবন ছাড়ার পর তিনি এই বাসাতেই উঠবেন।

গুলশানের ১২৩ নম্বর রোডের ‘গ্রিন ভিলা’ নামের ওই বাসার সামনে বর্তমানে সুনসান পরিবেশ দেখা গেছে। তবে বাসার ভেতরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বাসার নিরাপত্তা প্রহরী মো. মাছুম জানিয়েছেন, পদত্যাগের পর রাষ্ট্রপতির এই বাসার পঞ্চম তলায় ওঠার কথা রয়েছে। তিনি আরও জানান, তিন-চারদিন আগে রাষ্ট্রপতি এখানে এসেছিলেন এবং তখন তার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ প্রায় শতাধিক লোকজন ছিল। বেলা ১১টা ৪৫ মিনিটে এসে তিনি রাত পৌনে ৯টা পর্যন্ত সেখানে অবস্থান করেছিলেন। ইতোমধ্যে বাসার টুকিটাকি কাজ সম্পন্ন করা হয়েছে এবং সেখানে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) লোকজনও রয়েছেন।

বিটিসিএলের টিসিএম আব্দুর রাজ্জাক জানান, অফিসের বসের নির্দেশে তারা সরকারিভাবে নতুন টেলিফোন লাইন লাগাতে এসেছেন। তিনি বলেন, আজকে যদিও অফিস বন্ধ, তবু বলা হয়েছে উনি পদত্যাগ করলে এ বাসাতেই উঠবেন। রাষ্ট্রপতি হওয়ার পর আগের লাইনটি বাদ দেওয়া হয়েছিল, তাই এখন নতুন লাইন লাগাতে এসেছি।

উল্লেখ্য, শুক্রবার বিকালে পদত্যাগ করার মাধ্যমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor