Facebook Twitter Instagram YouTube

এটিএম বুথের নিরাপত্তাকর্মীর নীরব ভালোবাসায় সাড়া দিয়ে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী


প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৬, ৫:২৩ অপরাহ্ণ /
এটিএম বুথের নিরাপত্তাকর্মীর নীরব ভালোবাসায় সাড়া দিয়ে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

রাজধানীর একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথে কর্মরত নিরাপত্তাকর্মী আব্দুস সালামের কাছে উপহার সামগ্রী পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতিদিন সচিবালয়ে যাওয়ার পথে প্রধানমন্ত্রী লক্ষ্য করতেন যে, পুরানা রমনা থানার কাছে অবস্থিত একটি এটিএম বুথের সামনে নিরাপত্তাকর্মী আব্দুস সালাম ধানের শীষ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকেন। আব্দুস সালামের এই নীরব শুভেচ্ছা ও ভালোবাসার বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। এরপরই প্রধানমন্ত্রী তাঁর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমনকে ওই নিরাপত্তাকর্মীর খোঁজখবর নিতে এবং উপহার পৌঁছে দিতে নির্দেশ দেন।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে আতিকুর রহমান রুমন আব্দুস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রধানমন্ত্রীর পাঠানো উপহার সামগ্রী তাঁর হাতে তুলে দেন। এ সময় তিনি আব্দুস সালামের শারীরিক অবস্থা ও তাঁর পরিবারের খোঁজখবর নেন। পাবনার নগরবাড়ি ঘাট এলাকার বাসিন্দা আব্দুস সালাম অর্থ সংকটের কারণে গত আট মাস ধরে এই এটিএম বুথে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করছেন। এর আগে তিনি গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন, কিন্তু স্ট্রোক করার পর গাড়ি চালানো সম্ভব না হওয়ায় তিনি নিরাপত্তাকর্মীর পেশা বেছে নেন। অসুস্থ শরীর নিয়ে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা দায়িত্ব পালন করেন তিনি।

প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার পেয়ে আবেগাপ্লুত আব্দুস সালাম বলেন, তিনি কখনো কল্পনাও করেননি যে প্রধানমন্ত্রীর দৃষ্টিতে পড়বেন এবং উপহার পাবেন। তিনি আরও বলেন, তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর বাবা এবং মা বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন। তারেক রহমানকে নিজের ‘জানের টুকরা’ উল্লেখ করে তিনি জানান, প্রধানমন্ত্রী যখন ওই পথ দিয়ে যান, তিনি তাঁকে সালাম দেন এবং প্রধানমন্ত্রীও গাড়ি থেকে হেসে সালামের জবাব দেন। প্রধানমন্ত্রীর হাসি দেখলে তাঁর মন জুড়িয়ে যায় বলে জানান তিনি। সাধারণ মানুষের প্রতি প্রধানমন্ত্রীর এমন মানবিক সাড়া স্থানীয়দের মাঝেও ব্যাপক প্রশংসিত হয়েছে।