Facebook Twitter Instagram YouTube

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে ১৫ সদস্যের কমিটি গঠন


প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৬, ৬:৩৬ পূর্বাহ্ণ / ০
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে ১৫ সদস্যের কমিটি গঠন

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে একটি বিশেষ স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-২ শাখা থেকে রবিবার জারি করা এক অফিস আদেশে ১৫ সদস্যের এই কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়।

কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী। এছাড়া কমিটিতে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব এবং সংশ্লিষ্ট সংস্থার প্রধানদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা।

কমিটির অন্যান্য সদস্যদের তালিকায় রয়েছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, যুব ও ক্রীড়া সচিব, অর্থ বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন), বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি, এনএসসির সভাপতি এবং বিওএর সভাপতি। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে এই স্টিয়ারিং কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এই স্টিয়ারিং কমিটির মূল দায়িত্ব হলো প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে সমন্বয় সাধন করা। এছাড়া প্রতিযোগিতাটির তদারকি, প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করাও এই কমিটির কাজের অন্তর্ভুক্ত বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh