Facebook Twitter Instagram YouTube

সরকারের সঙ্গে আলোচনায় বসছে আন্দোলনকারীরা, রাজপথেও থাকছে বিক্ষোভ


প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৬, ২:৪৮ অপরাহ্ণ /
সরকারের সঙ্গে আলোচনায় বসছে আন্দোলনকারীরা, রাজপথেও থাকছে বিক্ষোভ

ভারতের জাতীয় পরীক্ষাগুলোতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে যে অচলাবস্থা তৈরি হয়েছে, তা নিরসনে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসতে সম্মত হয়েছেন আন্দোলনকারীরা। শুক্রবার ‘একটি নিরপেক্ষ স্থানে’ সরকারি মন্ত্রীদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে আলোচনার টেবিলে বসার সিদ্ধান্ত নিলেও রাজপথের প্রতিবাদ কর্মসূচি স্থগিত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আন্দোলনের মুখপাত্র সৌরভ দাস।

সৌরভ দাস বলেন, “আমরা আশা করি সরকার খোলা মনে আলোচনায় আসবে এবং রাজপথে থাকা দেশের মানুষের কথা শুনবে। আমরা আমাদের দাবিগুলো তাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরব।” তবে আন্দোলন থেকে সরে আসার কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি আরও বলেন, “আমরা পিছিয়ে আসছি না। কারণ, প্রকৃত জাগরণ শুরু হয় একদম তৃণমূল পর্যায় থেকে, আর সেটা আমাদের সত্যিই প্রয়োজন।” ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে রাজনৈতিক বিশ্লেষকরা একে তার সরকারের বিরুদ্ধে গড়ে ওঠা সবচেয়ে বড় যুব প্রতিবাদ হিসেবে দেখছেন।

এদিকে, সামাজিক আন্দোলনকর্মী সোনাম ওয়াংচুক টানা ২৬ দিন অনশন করার পর তা ভঙ্গ করায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যকার সমঝোতার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। এই আন্দোলনের নেতৃত্বে থাকা ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজিপি গত কয়েক সপ্তাহ ধরে দিল্লির রাজপথে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ চালিয়ে আসছে। প্রধান বিরোধী দলগুলোও আন্দোলনকারীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছে, যার ফলে পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

সোমবার সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে হাজার হাজার সমর্থক পার্লামেন্টের দিকে পদযাত্রা শুরু করলে পুলিশ টিয়ার শেল ও লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বুধবার রাতে মধ্য দিল্লির যন্তর মন্তরে ১০ হাজারের বেশি বিক্ষোভকারী সমবেত হলে ফের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার মধ্য দিল্লিতে ১৬টি মেট্রো স্টেশন ও মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয় এবং ব্যবসায়িক কার্যক্রম সীমিত করা হয়। শুক্রবার সকাল থেকেও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৭টি মেট্রো স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দিল্লি মেট্রো রেল করপোরেশন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার রাতে এক ভিডিও বার্তায় জানিয়েছেন, প্রশ্নফাঁসে জড়িতদের কঠোর শাস্তির বিধান রেখে আইন সংশোধনের লক্ষ্যে শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে একটি খসড়া বিল তোলা হবে। তবে আন্দোলনকারীরা সরকারের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছে, কেবল আইন সংশোধন যথেষ্ট নয়; প্রশ্নফাঁস স্থায়ীভাবে বন্ধ করতে পুরো পরীক্ষা ব্যবস্থার মৌলিক সংস্কার প্রয়োজন। এছাড়া সোনাম ওয়াংচুকের অনশন ভাঙার সময় উপস্থিত দুই কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে তার আলোচনার বিস্তারিত শুক্রবার ভিডিও বার্তায় প্রকাশ পাওয়ার কথা রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin