Facebook Twitter Instagram YouTube

রাড্ডা ক্লিনিকে হামলা ও ভাঙচুরের মামলায় ছাত্রদল নেতা জিন্নাহ কারাগারে


প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৬, ৯:২০ অপরাহ্ণ / ০
রাড্ডা ক্লিনিকে হামলা ও ভাঙচুরের মামলায় ছাত্রদল নেতা জিন্নাহ কারাগারে

রাজধানীর মিরপুর-১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় ছাত্রদল নেতা রফিকুল ইসলাম জিন্নাহ ওরফে মোহাম্মদ আলী জিন্নাহকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এই নির্দেশ দেন।

তদন্তকারী কর্মকর্তার তথ্য অনুযায়ী, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে আদাবরের বায়তুল আমান হাউজিং এলাকা থেকে জিন্নাহকে গ্রেপ্তার করা হয়। তিনি ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম ইউনিটের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। মামলার তদন্ত কর্মকর্তা শাহআলী থানার উপপরিদর্শক (এসআই) মো. আতোয়ার রহমান তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান। আসামিপক্ষের আইনজীবী ফয়সাল হোসেন রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।

এই মামলায় এখন পর্যন্ত মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ২৬ সেপ্টেম্বর সাতজন, ২৮ সেপ্টেম্বর দুইজন, ৩০ সেপ্টেম্বর একজন, ১ অক্টোবর দুইজন এবং ২ অক্টোবর নুর আলমকে কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২৫ সেপ্টেম্বর মধ্যরাত ১২টার দিকে একদল লোক হ্যামার, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। তারা দায়িত্ব পালনরত দুই নৈশপ্রহরী আন্দ্রিয় সরকার ও মো. আব্দুল হাইকে মারধর করে বেঁধে রাখে। এরপর হ্যামার দিয়ে প্রধান ফটক ভেঙে একটি ভেকুসহ ভেতরে ঢুকে ক্লিনিক ইনচার্জ, চিকিৎসক ও ডেপুটি ক্লিনিক ইনচার্জের কক্ষসহ বিভিন্ন সেমিপাকা ঘর ও আসবাবপত্র ভাঙচুর করা হয়।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা আল্ট্রাসনোগ্রাম, টিকাদান ও ল্যাবরেটরি কক্ষের দরজা-জানালার ব্যাপক ক্ষয়ক্ষতি করে। প্রতিষ্ঠান থেকে দুটি আল্ট্রাসনোগ্রাম মেশিন, একটি জেনারেটর, দুটি কম্পিউটার, দুটি প্রিন্টার, তিনটি ফ্রিজ, তিনটি এসি, তিনটি স্টিলের আলমারিসহ বিভিন্ন ওষুধ ও সামগ্রী লুট করা হয়। যাওয়ার সময় তারা নৈশপ্রহরীদের হুমকি দেয় এবং সেখানে সমবায় সমিতির ব্যানার ও সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। এই ঘটনায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার বাদী হয়ে ২৬ সেপ্টেম্বর শাহ আলী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় মো. হানিফ মিয়ার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy