Facebook Twitter Instagram YouTube

মিরপুরের রাড্ডা সেন্টারে সীমিত পরিসরে আবারও শুরু টিকাদান কার্যক্রম


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৮, ২০২৬, ৩:৪৯ অপরাহ্ণ / ০
মিরপুরের রাড্ডা সেন্টারে সীমিত পরিসরে আবারও শুরু টিকাদান কার্যক্রম

রাজধানীর মিরপুর-১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে সীমিত পরিসরে আবারও স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সেন্টারের একটি কক্ষে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের হামের টিকাসহ নিয়মিত টিকাদান কার্যক্রম শুরু করা হয়।

এর আগে ক্রীড়া প্রতিমন্ত্রীর নির্দেশনার প্রেক্ষিতে সোমবার সকাল সাড়ে ৬টার দিকে সেন্টারের গেট খুলে দেওয়া হয়। ঘটনার পর সেন্টারের ভেতর ও সামনের অংশে পড়ে থাকা ইটপাথর এবং ভাঙচুরের অন্যান্য মালামাল সরিয়ে জায়গাটি পরিষ্কার করা হয়েছে। সকাল সাড়ে ১১টার দিকে দেখা যায়, সেন্টারের সামনের গেট খোলা রয়েছে এবং ভেতরে স্বাস্থ্যসেবা চালুর প্রস্তুতির অংশ হিসেবে টেবিল-চেয়ার বসানো হচ্ছে।

সেবা নিতে আসা রেশমা জানান, তিনি তার ছয় মাস বয়সী মেয়েকে প্রথমবার টিকা দিতে এসেছেন, কারণ এলাকার সবাই এখান থেকেই টিকা নিয়ে থাকেন। নাতনিকে টিকা দিতে আসা লিলি বেগম জানান, তার ছেলেমেয়েরাও এই সেন্টার থেকে টিকা নিয়েছেন এবং নাতনিকেও আগে এখানেই টিকা দেওয়া হয়েছে।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার বলেন, প্রতিমন্ত্রীর নির্দেশে গেট খুলে দেওয়া হয়েছে এবং মালামাল সরিয়ে ফেলায় সীমিত পরিসরে সেবা কার্যক্রম শুরু করা সম্ভব হয়েছে। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এদিকে, সোমবার সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রাড্ডা সেন্টার পরিদর্শনে আসেন। আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এ সময় প্রশাসনের ভেতরে কোনো অনিয়ম বা দলীয় প্রভাব থাকলে তা চিহ্নিত করার আহ্বান জানান এবং জননিরাপত্তার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরও কঠোর অবস্থানের ওপর গুরুত্বারোপ করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din