Facebook Twitter Instagram YouTube

মোদির ক্ষমা ও দুই মন্ত্রীর পদত্যাগসহ রাহুল গান্ধীর ৫ দফা দাবি


প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ১২:০২ অপরাহ্ণ /
মোদির ক্ষমা ও দুই মন্ত্রীর পদত্যাগসহ রাহুল গান্ধীর ৫ দফা দাবি

নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বিতর্কে ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অবস্থান আরও কঠোর করেছে বিরোধী দলগুলো। মঙ্গলবার দিল্লিতে নজিরবিহীন নাটকীয়তা, ধর্ণা ও আটকের ঘটনার পর সরকারের কাছে ৫ দফা দাবি পেশ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই দাবিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের পাশাপাশি শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমা প্রার্থনাও দাবি করা হয়েছে।

এর আগে মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন লোক কল্যাণ মার্গ অভিমুখে কংগ্রেসের অবস্থান কর্মসূচি চলাকালে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাসহ বেশ কয়েকজন নেতাকে আটক করে দিল্লি পুলিশ। আটকের পর রাহুল গান্ধীকে ছত্রশাল স্টেডিয়ামে এবং প্রিয়াঙ্কা গান্ধীকে মন্দির মার্গ থানায় নিয়ে যাওয়া হয়। সাবেক কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী থানায় গিয়ে মেয়ের সঙ্গে দেখা করেন। পরে রাত ৯টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়।

আটক থাকা অবস্থায় এক ভিডিও বার্তায় রাহুল গান্ধী সরকারের কাছে ৫ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো— ১. স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, ২. সোমবার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ৩. সোমবারের ক্র্যাকডাউনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমা প্রার্থনা, ৪. সংসদে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা এবং ৫. দ্রুততম সময়ের মধ্যে শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার।

দেশের শিক্ষাব্যবস্থার বেহাল দশা নিয়ে প্রশ্ন তুলে রাহুল গান্ধী বলেন, ভারতের শিক্ষাব্যবস্থা কেন ভেঙে পড়ছে এবং বারবার কেন প্রশ্নপত্র ফাঁস হচ্ছে? শিক্ষা কেন এত ব্যয়বহুল হয়ে পড়েছে যে সন্তানদের পড়াতে গিয়ে পরিবারগুলো নিঃস্ব হচ্ছে? তিনি জানান, পুরো বিরোধী দল চায় বুধবার লোকসভা ও রাজ্যসভা— উভয় কক্ষেই এ নিয়ে বিতর্ক হোক। শিক্ষার্থীদের পাশে থাকা সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এদিকে বিরোধীদের এই কঠোর অবস্থানের মুখে প্রতিক্রিয়া জানিয়েছে সরকার। ধর্ণা চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে প্রায় আধা ঘণ্টা কথা বলেন। পরে তিনি অভিযোগ করেন, কংগ্রেস নেতা আলোচনার দাবি থেকে পিছু হটে এখন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন, যা তার মতো মর্যাদাপূর্ণ নেতার ক্ষেত্রে শোভা পায় না। সরকার সংসদে নিট সংক্রান্ত সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

অন্যদিকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও রাতে রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি লেখেন, সরকার আলোচনার জন্য প্রস্তুত থাকার বার্তা দেওয়ার পরও কংগ্রেস গণতান্ত্রিক আলোচনার চেয়ে political drama বা রাজনৈতিক নাটককে বেছে নিয়েছে। কংগ্রেস শিক্ষার্থীদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin