Facebook Twitter Instagram YouTube

নারীর গোসলের ভিডিও ধারণ, দুই যুবক কারাগারে


প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৬, ৬:৩০ পূর্বাহ্ণ /
নারীর গোসলের ভিডিও ধারণ, দুই যুবক কারাগারে

রংপুর মহানগরের হারাগাছ থানা এলাকায় এক নারীর গোসলের ভিডিও গোপনে ধারণ এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, ওই ভিডিও ব্যবহার করে ভুক্তভোগী নারীকে যৌন সম্পর্কের প্রস্তাব দেওয়া হয়েছিল।

শুক্রবার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়। আদালতের নির্দেশে তাদের রংপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী।

গ্রেপ্তারকৃতরা হলেন রংপুর সিটি করপোরেশনের মধ্য কার্তিক গ্রামের ইয়ানুস আলীর ছেলে এমদাদুল হক (৩২) এবং একই এলাকার মজমুলের ছেলে মোকারেম ওরফে মোকা (২০)।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুব রহমান জানান, বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে এমদাদুল হকের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে এমদাদুলকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমদাদুল স্বীকার করেন যে, তিনি প্রতিবেশী মোকারেমের কাছ থেকে ওই ভিডিওটি সংগ্রহ করেছিলেন। পরে পুলিশের অভিযানে মোকারেমকেও আটক করা হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh