Facebook Twitter Instagram YouTube

বগুড়ায় বিয়ের প্রলোভনে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে মামলা


প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ৬:৪৬ অপরাহ্ণ /
বগুড়ায় বিয়ের প্রলোভনে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে মামলা

বগুড়ার সোনাতলা উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৬ জুলাই) ভুক্তভোগী নারী বগুড়ার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন। মামলার বাদী বগুড়া সদরের বাসিন্দা।

মামলার অভিযুক্ত আসামিরা হলেন সোনাতলা উপজেলার সাতবাকী গ্রামের সাজ্জাত ব্যাপারীর ছেলে মো. সাদিক ব্যাপারী (২৫), একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো. ঋাতু মিয়া (২৩) এবং হাঁসরাজ গ্রামের মো. খোরশেদের ছেলে মো. হিরু মিয়া (৩০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে ওই নারীর বিয়ে হয় এবং তাদের সংসারে দুই সন্তান রয়েছে। ২০২৩ সালের ১৩ মে স্বামী মারা যাওয়ার পর তিনি দুই সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। বোনের বাড়িতে যাতায়াতের সময় সাদিক ব্যাপারী তাকে প্রেমের প্রস্তাব দেন। প্রথমে প্রস্তাব প্রত্যাখ্যান করলেও পরে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে সাদিক তাকে বিয়ের আশ্বাস দেন। এই প্রতিশ্রুতির সুযোগ নিয়ে সাদিক তাকে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন।

গত ১৬ জুলাই সাদিক ব্যাপারী তাকে ফোন করে বিয়ের আশ্বাস দিয়ে চরপাড়া বাসস্ট্যান্ডে আসতে বলেন। সেখানে যাওয়ার পর সাদিক, ঋাতু মিয়া ও হিরু মিয়া তাকে একটি সিএনজি অটোরিকশায় তুলে সোনাতলার বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেন। এরপর কাজী আনার কথা বলে তাকে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যাওয়া হয়। গভীর রাতে কাজী না আসায় অপর দুই আসামি বাইরে চলে যান। এ সময় প্রধান আসামি সাদিক ব্যাপারী ধারালো অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দিয়ে তাকে ধর্ষণ করেন। তার চিৎকারে স্বজন ও স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পর থানায় মামলা করতে গেলেও তা নেওয়া হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে ভুক্তভোগী নারী ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh