
ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রাজধানী কিয়েভে একজন এবং মধ্যাঞ্চলীয় ক্রিভি রিহ শহরে ছয়জন রয়েছেন। বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের অধিকাংশ অঞ্চলে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছিল।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মশহর ক্রিভি রিহে হামলার ঘটনাটি ছিল সবচেয়ে ভয়াবহ। শহরটির প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান ওলেক্সান্দর ভিলকুলের তথ্যমতে, রাশিয়ার ভোরোনেজ অঞ্চল থেকে ছোড়া একটি ইস্কান্দার-এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি একটি পরিবারের বাড়িতে আঘাত হানে। এতে পাঁচ ও ১২ বছর বয়সী দুই শিশুসহ ছয়জন নিহত এবং আটজন আহত হন। ওলেক্সান্দর ভিলকুল টেলিগ্রামে এই ঘটনাকে একটি ‘অন্ধকার রাত’ হিসেবে অভিহিত করেছেন এবং ধ্বংসস্তূপ সরানোর কাজ চলায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন।
রাজধানী কিয়েভেও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরের মেয়র ভিটালি ক্লিচকো জানিয়েছেন, হামলায় আবাসিক নয় এমন কয়েকটি স্থাপনায় আগুন লেগেছে। জরুরি সেবা বিভাগ জানিয়েছে, কিয়েভে হামলায় একজন নিহত এবং দুজন আহত হয়েছেন। এছাড়া, পোল্যান্ড সীমান্তের কাছে পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে দুটি অ্যাপার্টমেন্ট ভবন রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে অন্তত ১৫ জন আহত হয়েছেন এবং উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন।
হামলার আগে প্রেসিডেন্ট জেলেনস্কি বড় ধরনের হামলার বিষয়ে সতর্ক করেছিলেন। যুক্তরাষ্ট্র সফর থেকে ফিরে তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন। জেলেনস্কি টেলিগ্রামে উল্লেখ করেন, ইউক্রেনের মানুষের নিরাপত্তা মিত্র দেশগুলোর আকাশ প্রতিরক্ষা সহায়তার ওপর সরাসরি নির্ভর করছে।
এই হামলার প্রতিক্রিয়ায় ন্যাটো সদস্য পোল্যান্ড নিজেদের আকাশসীমা সুরক্ষায় যুদ্ধবিমান ও রাডার ইউনিটসহ সামরিক সরঞ্জাম প্রস্তুত রেখেছে। পোল্যান্ডের সশস্ত্র বাহিনী জানিয়েছে, এটি সম্পূর্ণ প্রতিরোধমূলক ব্যবস্থা।
এদিকে, ইউক্রেনের পাল্টা ড্রোন হামলায় রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় পেনজা শহরে বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ‘ওয়াইল্ডবেরিজ’-এর একটি গুদামে আগুন লেগেছে। পেনজার গভর্নর ওলেগ মেলনিচেঙ্কো জানান, এ ঘটনায় একজন আহত হয়েছেন এবং প্রায় ২০০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে ইউক্রেনের একাধিক ড্রোন হামলায় প্রতিষ্ঠানটির প্রায় এক ডজন গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে, যা তাদের মোট সংরক্ষণ সক্ষমতার প্রায় ১০ শতাংশ নষ্ট করেছে। এর ফলে রাশিয়ার বৃহত্তম ব্যাংক সবারব্যাংক সতর্ক করেছে যে, ওয়াইল্ডবেরিজ ও এর সরবরাহকারীদের আর্থিক ক্ষতির কারণে ঋণখেলাপির ঝুঁকি বাড়তে পারে।
আপনার মতামত লিখুন :