Facebook Twitter Instagram YouTube

ঘনিষ্ঠ দৃশ্যের সমালোচনা নিয়ে মুখ খুললেন কিয়ারা আদভানি


প্রকাশের সময় : জুলাই ৩১, ২০২৬, ১২:০১ অপরাহ্ণ /
ঘনিষ্ঠ দৃশ্যের সমালোচনা নিয়ে মুখ খুললেন কিয়ারা আদভানি

দক্ষিণী সুপারস্টার যশের সঙ্গে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন আপস’-এ অভিনয় করে নতুন করে আলোচনায় উঠে এসেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। ছবির প্রকাশিত ঝলক ও গানে যশের সঙ্গে তার ঘনিষ্ঠ দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। একই সঙ্গে মা হওয়ার পর এমন চরিত্রে অভিনয় করায় একাংশের সমালোচনার মুখেও পড়েছেন তিনি।

সমালোচকদের অভিযোগ, মাতৃত্বের পরে কিয়ারার এমন সাহসী চরিত্র বেছে নেওয়া অনেকের প্রত্যাশার সঙ্গে মেলে না। তবে এসব মন্তব্যকে গুরুত্ব না দিয়ে নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরেছেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে কিয়ারা জানান, সিনেমার গল্প প্রথম শোনার পরই তিনি এতে কাজ করার ব্যাপারে আগ্রহী হয়ে ওঠেন। তার মতে, চরিত্রটির গভীরতা ও নির্মাণ তাকে মুগ্ধ করেছে। একজন শিল্পী হিসেবে তিনি সব সময় এমন চরিত্রের অপেক্ষায় থাকেন, যা তাকে নতুনভাবে নিজেকে প্রকাশের সুযোগ দেয়।

তিনি আরও বলেন, ক্যারিয়ারের বর্তমান পর্যায়ে এসে তিনি মনে করেছেন, এমন জটিল ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের জন্য প্রয়োজনীয় আত্মবিশ্বাস তার রয়েছে। যদিও নির্মাতারা এখনো কিয়ারার চরিত্র সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করেননি, তবে জানা গেছে তিনি ছবিতে ‘নাদিয়া’ চরিত্রে অভিনয় করছেন। ইতোমধ্যে প্রকাশিত দৃশ্য ও গানের মাধ্যমে তার চরিত্রটি দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে।

নারী চরিত্রের উপস্থাপন নিয়ে নিজের অবস্থানও স্পষ্ট করেছেন কিয়ারা। তার মতে, চলচ্চিত্রে নারীদের একই ধরনের প্রচলিত চরিত্রে সীমাবদ্ধ রাখা উচিত নয়। বাস্তব জীবনের মতো পর্দাতেও নারীদের শক্তিশালী, স্বাধীন ও বহুমাত্রিকভাবে তুলে ধরা প্রয়োজন।

উল্লেখ্য, ‘টক্সিক’-এর গল্প ও চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন যশ ও নির্মাতা গীতু মোহনদাস। পরিচালনার দায়িত্বও পালন করছেন গীতু মোহনদাস। ছবিটি ইংরেজি ও কন্নড় এই দুই ভাষায় একসঙ্গে নির্মিত হয়েছে। পরে হিন্দি, তেলুগু, তামিল, মালয়ালমসহ আরও কয়েকটি ভাষায় বিশ্বব্যাপী মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রযোজকরা। চলচ্চিত্র সংশ্লিষ্টদের ধারণা, ‘টক্সিক’ কিয়ারা আদভানির ক্যারিয়ারের অন্যতম ব্যতিক্রমী ও সাহসী প্রজেক্ট হিসেবে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy