
বাগেরহাট সদর উপজেলার নোনাভাঙা গ্রামের বাসিন্দা জাহেদা বেগম তার পুত্রবধূ, পুত্রবধূর পিতা-মাতা, ভাই এবং স্থানীয় কতিপয় ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার সকাল ১১টায় বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে তার ওপর চলা অন্যায় অত্যাচার ও মানসিক নির্যাতনের বর্ণনা দেন।
জাহেদা বেগম জানান, তার একমাত্র ছেলে সহিদুল ইসলামের সঙ্গে একই এলাকার ছত্তার মল্লিকের মেয়ে অছিফা আক্তার সুমির বিয়ে হয়। বিয়ের পর থেকেই অছিফা তার এবং তার পঙ্গু স্বামী নূরমোহাম্মদ ফকিরের সঙ্গে চরম দুর্ব্যবহার করে আসছেন। তিনি অভিযোগ করেন, পুত্রবধূ ও তার পরিবারের সদস্যদের প্ররোচনায় পরিবারের প্রবীণ ও অসুস্থ সদস্যদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে।
সংবাদ সম্মেলনে জাহেদা বেগম আরও বলেন, তাদের বাড়ির সীমানা এবং পুত্রবধূর পিতা ছত্তার মল্লিকের বাড়ির সীমানা একই হওয়ায় তারা কৌশলে জমি জবরদখলের অপচেষ্টা চালাচ্ছে। এছাড়া পুত্রবধূ ও তার পরিবারের পক্ষ থেকে তাকে ও তার পঙ্গু স্বামীকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, যার ফলে তারা চরম জীবন সংশয়ে দিন কাটাচ্ছেন।
তিনি আরও উল্লেখ করেন যে, আসামিরা তার ছেলেকে জিম্মি করে তাদের বসতবাড়ি ও জমি আত্মসাতের একটি নীল নকশা তৈরি করেছে। এসব অন্যায় ও নির্যাতনের বিষয়ে স্থানীয় বাসিন্দারাও অবগত আছেন বলে তিনি দাবি করেন। পরিশেষে, জাহেদা বেগম প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ১২: ০৫আপডেট : ৩১ জুলাই ২০২৬, ১২: ০৬
আপনার মতামত লিখুন :