Facebook Twitter Instagram YouTube

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন বিশেষ দূত সার্জিও গোর


প্রকাশের সময় : জুলাই ৩১, ২০২৬, ২:৪২ অপরাহ্ণ /
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন বিশেষ দূত সার্জিও গোর

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মানবিক পরিস্থিতি ও বিভিন্ন কার্যক্রম সরেজমিনে দেখতে পৌঁছেছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। শুক্রবার দুপুরে মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বে এই প্রতিনিধি দলটি ক্যাম্পে পৌঁছায়।

সফরকালে প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন মানবিক সহায়তা প্রকল্প ও কার্যক্রম ঘুরে দেখছেন। তারা সরাসরি রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে কথা বলে তাদের বর্তমান জীবনযাত্রা, নিরাপত্তা ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সার্বিক মানবিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেবেন। এছাড়া, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক মানবিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গেও প্রতিনিধি দলটির মতবিনিময় করার কথা রয়েছে। এই আলোচনায় রোহিঙ্গা সংকটের বর্তমান অবস্থা, আন্তর্জাতিক সহায়তা এবং প্রত্যাবাসন প্রক্রিয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসবে।

এই সফরের পাশাপাশি বর্তমান সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। এক বৈঠক শেষে তিনি জানান, বর্তমান সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক শুরু থেকেই ইতিবাচক এবং দিন দিন তা আরও শক্তিশালী হচ্ছে। একই সঙ্গে রোহিঙ্গাদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা আরও বাড়ানোর ব্যাপারেও তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এদিকে, মার্কিন বিশেষ দূতের এই সফরকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ। তিনি জানান, প্রতিনিধি দলের চলাচল ও ক্যাম্প পরিদর্শন নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে এপিবিএন। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে এই দায়িত্ব পালন করা হচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh