Facebook Twitter Instagram YouTube

ও-লেভেলে অসাধারণ সাফল্য, হাইয়েস্ট অ্যাচিভার অ্যাওয়ার্ড পেলেন সাবিহা বিনতে সালাহউদ্দিন


প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ৩:৪৭ অপরাহ্ণ /
ও-লেভেলে অসাধারণ সাফল্য, হাইয়েস্ট অ্যাচিভার অ্যাওয়ার্ড পেলেন সাবিহা বিনতে সালাহউদ্দিন

ও-লেভেল পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জনের স্বীকৃতিস্বরূপ ‘হাইয়েস্ট অ্যাচিভার অ্যাওয়ার্ড অর্জন করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকুর কন্যা সাবিহা বিনতে সালাহউদ্দিন। দ্য ডেইলি স্টার এবং প্রাইম ব্যাংকের যৌথ আয়োজনে ও-লেভেল এবং এ-লেভেল পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয়। মেয়ের এমন সাফল্যে বাবা সুলতান সালাহউদ্দিন টুকু এমপি বেশ গর্ববোধ করছেন।

গত শনিবার বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের অভিভাবক, পরিবার, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘স্যালুটিং দ্য নেশন বিল্ডার্স অব টুমরো’ বা আগামীর দেশ গড়ার কারিগরদের অভিবাদন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় প্রাইম ব্যাংক পিএলসির সিইও ফয়সাল রহমান এবং বাংলাদেশে আইডিপি এডুকেশন লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর রাজিব মাহবুবুলসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ বছর সারাদেশের ১২১টি ইংরেজি মাধ্যমের মোট ২ হাজার ৫৪৫ জন শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেওয়া হয়। এর মধ্যে ১ হাজার ৯২৮ জন ও-লেভেলের এবং ৬১৭ জন এ-লেভেলের শিক্ষার্থী। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ও-লেভেলে বিশ্বজুড়ে শীর্ষস্থান অর্জনকারী ৮৪ জন এবং বাংলাদেশে প্রথম হওয়া ৪২ জন শিক্ষার্থী রয়েছেন। এছাড়া এ-লেভেলে বিশ্বজুড়ে শীর্ষস্থান অর্জনকারী ৯ জন এবং দেশে প্রথম হওয়া ২৮ জন শিক্ষার্থীকেও সম্মাননা প্রদান করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy