Facebook Twitter Instagram YouTube

টানা বর্ষণে সাজেকে আটকা পাঁচ শতাধিক পর্যটক


প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৬, ৩:৫২ অপরাহ্ণ /
টানা বর্ষণে সাজেকে আটকা পাঁচ শতাধিক পর্যটক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির সাজেক পর্যটনকেন্দ্রে পাঁচ শতাধিক পর্যটক আটকা পড়েছেন। পরিস্থিতি বিবেচনা করে সাজেকসহ রাঙামাটির সব পর্যটন স্পটে ভ্রমণ সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হয়, ততদিন পর্যটকদের পাহাড়ি এলাকায় ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বুধবার দুপুরে জানান, খাগড়াছড়ির দিঘীনালা-বাঘাইহাট-সাজেক সড়কের বিভিন্ন নিচু স্থানে পাহাড়ি ঢলের পানি ওঠায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে সাজেকে অবস্থানরত পর্যটকরা ফিরতে পারছেন না। তাদের নিরাপত্তার স্বার্থে বিভিন্ন রিসোর্ট, কটেজ ও আবাসন কেন্দ্রে অবস্থান করতে বলা হয়েছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সড়কের পানি নেমে গেলে পর্যায়ক্রমে পর্যটকদের গন্তব্যে পাঠানো হবে।

আবহাওয়া পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় পাহাড়ি অঞ্চলে ২৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়ায় ভূমিধসের ঝুঁকি বেড়েছে। পাহাড়ি ছড়া ও ঝিরির পানি দ্রুত বাড়ায় বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা ও যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটছে।

সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় রাঙামাটির ১০ উপজেলায় ২১২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, রাঙামাটি সদর, কাউখালী, কাপ্তাই ও বাঘাইছড়ি উপজেলার ১৫টি আশ্রয়কেন্দ্রে ইতোমধ্যে ৭৪২ জন মানুষ আশ্রয় নিয়েছেন। জেলা ও উপজেলা প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে তাদের জন্য শুকনো খাবারসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে রাঙামাটি জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।