Facebook Twitter Instagram YouTube

পরীক্ষা ব্যবস্থা সংস্কারে নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্কফোর্স গঠন মোদির


প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ৮:৩২ অপরাহ্ণ /
পরীক্ষা ব্যবস্থা সংস্কারে নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্কফোর্স গঠন মোদির

ভারতের পরীক্ষা ব্যবস্থাকে আরও বেশি নির্ভরযোগ্য, স্বচ্ছ এবং প্রযুক্তিনির্ভর করে তোলার লক্ষ্যে একটি উচ্চক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির নেতৃত্বে এই টাস্কফোর্সটি গঠিত হবে। এই কমিটি ভারতের পরীক্ষা পদ্ধতির উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশমালা সরকারের কাছে পেশ করবে এবং সেই প্রতিবেদনের ভিত্তিতেই ভবিষ্যতের পরীক্ষাগুলোকে আরও সুরক্ষিত করার উদ্যোগ নেওয়া হবে।

শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় ভারত সরকার ধারাবাহিকভাবে নানা পদক্ষেপ নিচ্ছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। যারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে খেলা করেছে, তাদের ইতোমধ্যে কারাগারে পাঠানো হয়েছে এবং এ ধরনের মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট-ট্র্যাক আদালত গঠন করা হয়েছে। পাশাপাশি সংসদে কঠোর আইনি বিধানসহ নতুন আইন প্রণয়নের প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হচ্ছে।

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দেশজুড়ে চলা বিক্ষোভ শেষ হওয়ার একদিন পরই এই ঘোষণা এলো। ককক্রোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে ওই আন্দোলনের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। প্রধানমন্ত্রী মোদি বলেন, আমাদের পরীক্ষা ব্যবস্থা হতে হবে নির্ভরযোগ্য এবং প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে পরিচালিত। টাস্কফোর্সের কাছ থেকে সুপারিশ পাওয়ার পর তা দ্রুত বাস্তবায়নের মাধ্যমে আসন্ন পরীক্ষাগুলোর বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা হবে বলে তিনি জানান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh