
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে পরাজিত হওয়ার পর প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব খোলাখুলি স্বীকার করে নিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের করা একমাত্র গোলটিই শেষ পর্যন্ত শিরোপার ভাগ্য নির্ধারণ করে দেয়। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে স্কালোনি স্পষ্টভাবে বলেন, স্পেনই এই বিশ্বকাপ জয়ের প্রকৃত দাবিদার ছিল।
সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, "তারা আমাদের চেয়ে ভালো দল ছিল, এটাই বাস্তবতা। তাই বিশ্বকাপ জয়ের যোগ্যও ছিল স্পেন। তবে আমার খেলোয়াড়দের নিয়ে আমি গর্বিত। তারা এই টুর্নামেন্টে নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছে।" তিনি নিজের শিষ্যদের লড়াইয়ের প্রশংসা করে আরও বলেন, এত দূর পর্যন্ত পৌঁছাতে যে পরিমাণ পরিশ্রম করতে হয়, তার যথাযথ মূল্যায়ন হওয়া উচিত। যদিও তারা ফাইনাল হেরেছে, তবুও এই দল যা অর্জন করেছে তা ছোট করে দেখার সুযোগ নেই।
ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তা নিয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ৪৮ বছর বয়সী এই কোচ। স্কালোনি বলেন, "জয়ের সময় যেমন মর্যাদা বজায় রাখতে হয়, পরাজয়ের সময়ও সেটি ধরে রাখতে হয়। আমরা হার মেনে নিয়েছি। কিন্তু এখানে পৌঁছাতে যে লড়াই করেছি, তা কখনো ভুলে যাওয়া উচিত নয়।" তিনি পুরো টুর্নামেন্ট জুড়ে সমর্থকদের অকুণ্ঠ ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এই দল দেশের জন্য সবসময়ই গর্বের।
নিজের ভবিষ্যতের বিষয়েও সংবাদ সম্মেলনে ইঙ্গিত দিয়েছেন স্কালোনি। আগামী ডিসেম্বর পর্যন্ত তার চুক্তির মেয়াদ রয়েছে। এরপর তিনি জাতীয় দলের দায়িত্ব চালিয়ে যাবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানান। তিনি বলেন, "চুক্তির মেয়াদ পূরণ করব। এরপর ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেব। এত বড় সাফল্যের পর আবার সেই উচ্চতায় পৌঁছানো সম্ভব কি না, সেটিও ভাবার বিষয়।" কথা শেষ করার সময় আবেগ ধরে রাখতে পারেননি আর্জেন্টিনার এই সফল কোচ।
আপনার মতামত লিখুন :