
জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী ভারত সফর করতে পারেন, তবে সেই সফর হতে হবে সমতা, সমমর্যাদা এবং বন্ধুত্বের ভিত্তিতে। শুক্রবার বিকেলে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর সদস্য (রোকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, বর্তমান সময়ে এ দেশের মানুষ আর কারও আধিপত্যবাদ মেনে নেবে না।
সম্মেলনে সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী এ দেশের মানুষের কাছে একটি আদর্শিক সংগঠন। দীর্ঘ সময় ধরে ইসলামের দাওয়াত ও আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে দলটি কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
আগামী স্থানীয় নির্বাচন প্রসঙ্গে তিনি নেতাকর্মীদের জনমানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। তিনি বলেন, ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে নেতাকর্মীদের সোচ্চার ভূমিকা পালন করতে হবে, যাতে কেউ ভোট ছিনিয়ে নিতে না পারে।
রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর আমির ও সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে সম্মেলনটি সঞ্চালনা করেন মহানগরী সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান এবং ঢাকা মহানগর দক্ষিণের আমির ও সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল।
আপনার মতামত লিখুন :