Facebook Twitter Instagram YouTube

আদাবরে হত্যা মামলায় শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ


প্রকাশের সময় : আগস্ট ৩০, ২০২৬, ২:৩৪ অপরাহ্ণ /
আদাবরে হত্যা মামলায় শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

রাজধানীর আদাবর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে স্থানীয় বিএনপি নেতা ইসহাক জোমাদ্দারকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। রবিবার (৩০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ প্রদান করেন। আদাবর থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মহেশ চন্দ্র সিংহ তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন।

মামলার তথ্য অনুযায়ী, নিহত ৫০ বছর বয়সী ইসহাক জোমাদ্দার আদাবর থানা এলাকার সাবেক ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে আদাবর থানার শ্যামলী ক্লাব মাঠের বিপরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তিনি গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তদন্ত কর্মকর্তার আবেদনে অভিযোগ করা হয়েছে যে, শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নির্দেশে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করা হয়েছিল, যার ফলে ইসহাক জোমাদ্দার নিহত হন। মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা এবং আসামি জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে যেতে পারেন—এমন আশঙ্কা থেকে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়। এছাড়া তদন্ত কর্মকর্তা জানান, শাহজাহান ওমরের বিরুদ্ধে নিউমার্কেট ও ঝালকাঠির রাজাপুর থানাসহ বিভিন্ন থানায় একাধিক হত্যা, দুর্নীতি ও বিস্ফোরক আইনের মামলা বিচারাধীন রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin