
কমিউনিটি সম্পৃক্ততা, তরুণ নেতৃত্ব এবং জনসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্রের মিশিগান ডেমোক্রেটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন তাহমিদ চৌধুরী। গত ২২ সেপ্টেম্বর মিশিগানের ওয়ারেনে আয়োজিত দলটির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে তাহমিদ চৌধুরীর হাতে পুরস্কার তুলে দেন মিশিগানের লেফটেন্যান্ট গভর্নর গারলিন গিলক্রিস্ট এবং ওয়াশটেনো কাউন্টির প্রসিকিউটর এলি সাভিত। এ সময় উপস্থিত ছিলেন ইলিনয়ের গভর্নর জে বি প্রিটজকার, মিশিগান ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কার্টিস হার্টেল, মার্কিন কংগ্রেসওম্যান হিলারি স্কলটেন এবং মিশিগান সিনেটের মেজরিটি লিডার উইনি ব্রিংকস। এছাড়াও মিশিগানের বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির প্রতিনিধি হিসেবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের প্রেসিডেন্ট জাবেদ চৌধুরী ও উপদেষ্টা সুমন কবির অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
তাহমিদ চৌধুরী মূলত ম্যাকম্ব কাউন্টি এবং মিশিগানের ১০ম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের বিভিন্ন নাগরিক ও কমিউনিটি সংগঠনের সঙ্গে যুক্ত থেকে কাজ করছেন। তিনি তরুণদের সামাজিক কর্মকাণ্ডে উৎসাহিত করা এবং নাগরিক অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় তাহমিদ চৌধুরী বলেন, এই স্বীকৃতি কেবল তাঁর একার নয়; বরং যারা তাকে মেন্টর, সংগঠক, স্বেচ্ছাসেবক ও বন্ধু হিসেবে পথচলায় সহায়তা করেছেন, এটি তাদের সবার অর্জন। তিনি আরও বলেন, মানুষের পাশে দাঁড়ানো, তাদের কথা শোনা এবং কমিউনিটির সেবায় কঠোর পরিশ্রম করাই তার মূল লক্ষ্য। ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
মিশিগান ডেমোক্রেটিক পার্টি এবং ১০ম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট ডেমোক্রেটিক পার্টির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ পুরস্কারে সম্মানিত অন্যদেরও অভিনন্দন জানিয়েছেন তাহমিদ। তার পেশাগত প্রোফাইল অনুযায়ী, তিনি ম্যাকম্ব কাউন্টি ডেমোক্রেটিক কমিটির নেতৃত্বের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
আপনার মতামত লিখুন :