
শিশু ও কিশোর-কিশোরীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সকে প্রায় ৩০ মিলিয়ন ডলার জরিমানা করেছে ব্রাজিলের তথ্য সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থা। কর্তৃপক্ষের অভিযোগ, প্ল্যাটফর্মটি লগইন করা অ্যাকাউন্টের পাশাপাশি অতিথি হিসেবে প্ল্যাটফর্ম ব্রাউজ করার ক্ষেত্রেও দেশটির তথ্য সুরক্ষা আইন লঙ্ঘন করেছে। পর্যাপ্ত আইনি ভিত্তি ও সুরক্ষা ব্যবস্থা ছাড়াই শিশু-কিশোরদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও প্রক্রিয়াজাত করার অভিযোগ উঠেছে প্ল্যাটফর্মটির বিরুদ্ধে। নিয়ন্ত্রক সংস্থার হিসাব অনুযায়ী, টিকটক অন্তত ৮০ লাখ শিশু ও কিশোরের ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াজাত করে থাকতে পারে।
তদন্তে উঠে এসেছে যে, প্ল্যাটফর্মটির বয়স যাচাই ব্যবস্থায় কাঠামোগত দুর্বলতা রয়েছে। বিশেষ করে টিকটকের ‘লগড-আউট ফিড’ সুবিধা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ব্রাজিলের নিয়ন্ত্রক সংস্থা। এই ফিচারের মাধ্যমে কোনো অ্যাকাউন্ট তৈরি বা লগইন ছাড়াই ভিডিও ও অন্যান্য কনটেন্ট দেখা যায়। কর্তৃপক্ষের মতে, এতে অপ্রাপ্তবয়স্করা বয়স যাচাইয়ের প্রক্রিয়া এড়িয়ে সহজেই প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারছেন। নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ব্রাজিলে এ সুবিধা চালু থাকলেও যুক্তরাষ্ট্র ও ইউরোপে এটি নেই; ওইসব অঞ্চলে টিকটকের কনটেন্ট দেখতে নিবন্ধিত ব্যবহারকারী হওয়া প্রয়োজন।
কর্তৃপক্ষ বাইটড্যান্সকে অবৈধভাবে সংগৃহীত সব তথ্য মুছে ফেলার নির্দেশ দিয়েছে এবং শিশু-কিশোরদের সুরক্ষায় আরও কার্যকর ও সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দিয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার জন্য কোম্পানিটিকে ১০ দিনের সময় দেওয়া হয়েছে। এর আগে চলতি মাসের শুরুর দিকে শিশু-কিশোরদের সুরক্ষায় ব্যর্থতার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ডিসকর্ডকে দেশজুড়ে লাইভস্ট্রিমিং সুবিধা স্থগিতের নির্দেশ দিয়েছিল ব্রাজিলের কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের অভিযোগ ছিল, একটি লাইভস্ট্রিমে ১৩ বছর বয়সী এক কিশোরীকে আত্মহানি করতে উৎসাহিত করা হয়েছিল, যা পরে ওই কিশোরীর আত্মহত্যার কারণ হয়ে দাঁড়ায়।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সরকার এবং দেশটির সুপ্রিম কোর্ট অপ্রাপ্তবয়স্কদের ইন্টারনেট ব্যবহারে নিয়ন্ত্রণ বাড়ানোর উদ্যোগ নিয়েছে। তবে এসব উদ্যোগের ফল এখন পর্যন্ত মিশ্র। অস্ট্রেলিয়া, কানাডা ও ইন্দোনেশিয়াসহ আরও কয়েকটি দেশও শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেট ব্যবহার নিয়ন্ত্রণে একই ধরনের পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছে।
আপনার মতামত লিখুন :