
ইরানে আজ রাতে আবারও জোরালো হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তুরস্কে চলমান ন্যাটো সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যৌথভাবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। বুধবার ৮ জুলাই বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে। ট্রাম্প জানান, আগের রাতে মার্কিন বাহিনী ইরানে অত্যন্ত শক্তিশালী আঘাত হেনেছে এবং প্রয়োজনে বুধবার রাতেও বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা করা হবে।
ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির সমাপ্তি ঘটেছে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, আমার মনে হয় যুদ্ধবিরতি শেষ হয়েছে। তাদের সঙ্গে চুক্তি করা মানে সময় অপচয় করা, কারণ তারা মিথ্যুক। ট্রাম্পের ভাষায়, ইরান হলো দুষ্ট ও অসুস্থ মানুষের দেশ, যারা ক্যান্সারের মতো। তার মতে, শুরুতেই ক্যান্সারকে ছেঁটে ফেলতে হয়। তিনি দাবি করেন যে, তিনি ইরানকে এ বিষয়ে কিছুটা আগাম সতর্কবার্তাও দিয়েছেন।
এর আগে হরমুজ প্রণালিতে তিনটি তেল ট্যাংকারে হামলার জেরে মঙ্গলবার ইরানের ওপর শক্তিশালী হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের দেওয়া তথ্য অনুযায়ী, তারা ইরানের ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ৬০টিরও বেশি ছোট নৌযানও রয়েছে।
মার্কিন এই হামলার জবাবে বসে থাকেনি ইরান। তেহরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ডস করপস (আইআরজিসি) জানিয়েছে, তাদের নৌ ও বিমানবাহিনী যৌথভাবে একটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে তারা গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনার ৮৫টি স্থানে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরান।
আপনার মতামত লিখুন :