Facebook Twitter Instagram YouTube

টিএসসিতে ফিমেল জোন: ডাকসুর উদ্যোগ নিয়ে আব্দুল কাদেরের সমালোচনা


প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৬, ৮:১৫ অপরাহ্ণ /
টিএসসিতে ফিমেল জোন: ডাকসুর উদ্যোগ নিয়ে আব্দুল কাদেরের সমালোচনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ক্যাফেটেরিয়ায় নারী শিক্ষার্থীদের জন্য পৃথক ‘ফিমেল জোন’ চালু করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এসএম ফরহাদ এই জোনের উদ্বোধন করেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ ক্যাম্পাসে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

এই উদ্যোগের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও ৯ দফার ঘোষক আব্দুল কাদের শুক্রবার নিজের ফেসবুক স্ট্যাটাসে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, ডাকসুর উদ্যোগে টিএসসি ক্যাফেটেরিয়ায় পর্দার ঘেরাটোপ দিয়ে নারী শিক্ষার্থীদের জন্য আলাদা জায়গা তৈরি করা হয়েছে। আপাতদৃষ্টিতে একে ভালো উদ্যোগ মনে হতে পারে, কারণ অনেক নারী শিক্ষার্থী পাবলিক পরিসরে খাবার খেতে অস্বস্তি বোধ করেন। টিএসসি সবার জন্য উন্মুক্ত, তাই সবার অনুকূল পরিবেশ তৈরি করা আমাদের দায়িত্ব।

তবে আব্দুল কাদের ডাকসুর কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও মর্যাদার কথা বলে পর্দাঘেরা জোন বানালেও, টিএসসিতে নারীদের ওয়াশরুম বিড়ম্বনা নিয়ে ডাকসু নেতৃত্ব উদাসীন। ব্যবহার অনুপযোগী ফিমেল ওয়াশরুম নিয়ে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে আসছেন, কিন্তু পর্দাঘেরা জোন তৈরির মতো আগ্রহ বা উৎসাহ নিয়ে ডাকসু ওয়াশরুম সমস্যা সমাধানে কাজ করেনি। অথচ এই ওয়াশরুম ব্যবহার নিয়েই নারী শিক্ষার্থীরা সবচেয়ে বেশি বিড়ম্বনার শিকার হন।

তিনি আরও অভিযোগ করেন, ডাকসুকে শুরু থেকেই নির্দিষ্ট ঘরানার মানুষের সুবিধা-অসুবিধাকে প্রাধান্য দিতে দেখা গেছে। কালচারাল প্রোগ্রাম থেকে শুরু করে এই পর্দার ঘেরাটোপ পর্যন্ত সবকিছুই একটি নির্দিষ্ট ইডিওলজি বা মতাদর্শভিত্তিক। এতে অন্যদের বিষয়গুলো উপেক্ষিত থেকে যাচ্ছে। আব্দুল কাদের বলেন, পর্দানশীন নারীরাও ওয়াশরুম বিড়ম্বনার শিকার হন, তাই কেবল খাবারের জায়গায় পর্দা দিলেই হবে না। নির্বাচনের আগে পর্দার আড়ালে থেকে কথা বলে পরে নারীকে অসম্মান করার মতো মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।

সবশেষে আব্দুল কাদের আশা প্রকাশ করেন যে, ক্যাফেটেরিয়ার এই ‘ফিমেল জোন’ যেন দুদিন পর তাদের ফিমেল উইংয়ের ‘টিএসসি শাখা অফিস’-এ পরিণত না হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor