
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ বৃহস্পতিবার এই রিটটি দায়ের করেন। একই আবেদনে তিনি প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষিত তফসিল স্থগিত করার নির্দেশনা চেয়েছেন।
রিট আবেদনে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছে। এই অনুচ্ছেদে উল্লেখ রয়েছে যে, কোনো সংসদ সদস্য যদি তার মনোনয়ন দেয়া রাজনৈতিক দল থেকে পদত্যাগ করেন অথবা সংসদে নিজ দলের বিপক্ষে ভোট প্রদান করেন, তবে তার সংসদ সদস্য পদ শূন্য বলে গণ্য হবে। রিটকারী আইনজীবী ৭০ অনুচ্ছেদ কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের প্রতি রুল জারির আবেদন জানিয়েছেন।
এই রিট মামলায় প্রধান নির্বাচন কমিশনার এবং সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। উল্লেখ্য, নির্বাচন কমিশন গত ৬ আগস্ট প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট ভোটগ্রহণের তারিখ নির্ধারিত রয়েছে। একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলে ওইদিন দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশনকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আপনার মতামত লিখুন :