
স্টাফ রিপোর্টার:
আওয়ামী লীগ ঘোষিত লকডাউনের প্রথম দিন নরসিংদীতে এর তেমন কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। সকালে ঢাকা-সিলেট মহাসড়কে গণপরিবহন তুলনামূলকভাবে কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা স্বাভাবিক হয়ে যায়। শহরের দোকানপাট ও বাজার এলাকাগুলোতেও চলাচল ছিল প্রায় স্বাভাবিক।
গতকাল (বুধবার) রাতে আওয়ামী লীগের পক্ষ থেকে সংক্ষিপ্ত একটি ঝটিকা মিছিল ছাড়া অন্য কোনো উল্লেখযোগ্য কর্মসূচি চোখে পড়েনি। অন্যদিকে, রাত থেকেই শহরের মোড়ে মোড়ে পুলিশের কঠোর অবস্থান লক্ষ্য করা যায়। গুরুত্বপূর্ণ প্রবেশমুখে বসানো হয় চেকপোস্ট, মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ সদস্য।
এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরও মাঠে সক্রিয় দেখা যায়। রাতে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুতের নেতৃত্বে শহরের বিভিন্ন সড়কে একটি মিছিল বের হয়। পরে তারা শহরের বিভিন্ন মোড়ে অবস্থান নেন। বিএনপির এমন অবস্থানের কারণে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের রাস্তায় তেমন দেখা যায়নি বলে জানা গেছে।
সাধারণ মানুষ বলছে, “লকডাউন” শব্দটি থাকলেও নরসিংদীতে আজকের দিনটি একেবারেই স্বাভাবিক দিনের মতোই।
আপনার মতামত লিখুন :