
নরসিংদী প্রতিনিধি | হ্যালো নরসিংদী | ৬ নভেম্বর ২০২৫
নরসিংদী জেলার ছাতিরপাড়া কালী কুমার খেলার মাঠে গতকাল (৫ নভেম্বর ২০২৫) অনুষ্ঠিত হয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নরসিংদী জেলা শাখার উদ্যোগে সারাদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প।
এ আয়োজনে শতাধিক অসহায় ও নিম্ন আয়ের মানুষ বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধসেবা পান।
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি জনাব খায়রুল কবির খোকন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব-এর নির্বাহী চেয়ারম্যান জনাব ফরহাদ হালিম ডোনার,
বিশেষ অতিথি ছিলেন ড্যাব-এর নির্বাচিত সভাপতি জনাব ডা. হারুনুর রশিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি’র স্বনির্ভর বিষয়ক সম্পাদক এডভোকেট শিরিন সুলতানা ,নরসিংদী জেলা বিএনপির সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহী সহ অসংখ্য চিকিৎসক, বিএনপি নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ড্যাব নেতারা জানান, দেশের অর্থনৈতিক সংকট ও চিকিৎসা ব্যয়ের ভারে নিম্ন আয়ের মানুষ আজ দিশেহারা।
এমন সময়ে জনগণের পাশে দাঁড়াতে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে, যাতে তারা অন্তত মৌলিক চিকিৎসাসেবা পেতে পারেন।
ড্যাবের নির্বাহী চেয়ারম্যান ফরহাদ হালিম ডোনার বলেন—
“ড্যাব শুধু চিকিৎসকদের সংগঠন নয়, এটি একটি মানবিক প্ল্যাটফর্ম। আমরা চাই, দেশের প্রতিটি জেলায় দরিদ্র মানুষ যেন বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা পায়।”
উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি নেতা খায়রুল কবির খোকন বলেন—
“চিকিৎসা এখন অনেকের নাগালের বাইরে চলে গেছে। ড্যাবের এই উদ্যোগ নিঃসন্দেহে মানবিক ও প্রশংসনীয়। জনগণের পাশে দাঁড়ানোই এখন সময়ের দাবি।”
সারাদিনব্যাপী আয়োজনে বিভিন্ন বিভাগীয় চিকিৎসকরা সাধারণ রোগ, শিশু ও মাতৃস্বাস্থ্য, ডায়াবেটিস, চর্মরোগসহ নানা বিষয়ে রোগীদের পরামর্শ দেন এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ করেন।
এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়, অনেকেই সকাল থেকে সারিবদ্ধভাবে এসে চিকিৎসা নেন।
ড্যাব নরসিংদী শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে জেলার অন্যান্য উপজেলা ও ইউনিয়নেও এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে।
আপনার মতামত লিখুন :