Facebook Twitter Instagram YouTube

প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি নয়:খায়রুল কবির খোকন


Md. Munjurul Hasan প্রকাশের সময় : জানুয়ারি ১২, ২০২৬, ৮:৩৭ পূর্বাহ্ণ /
প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি নয়:খায়রুল কবির খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও কর্মসূচি অনুসরণ করা হলে আগামী দিনে একটি সুখী ও সমৃদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব । একই সঙ্গে দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে।

রোববার বিকেলে নরসিংদীর দাসপাড়া নার্সারি মাঠে চিনিশপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফার রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র সংস্কার ও জনগণের অধিকার নিশ্চিত করা হবে। তিনি বলেন, ‘প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি নয়—দেশকে ভালোবাসার রাজনীতিতেই বিশ্বাস করেন তারেক রহমান।’

অনুষ্ঠানে চিনিশপুর ৬ নম্বর ওয়ার্ড ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আল-মামুন মুন্সির সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম কবির কামাল ও ফারুক উদ্দিন ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন হোসেন বিদ্যুৎ, চিনিশপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন মোল্লা, সদস্য সচিব মো. রফিকুল ইসলাম সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।